Home আঞ্চলিক বড় ভাই রুবেল খুনের ঘটনায় ছোট ভাইয়ের আদালতে স্বীকারোক্তি প্রদান

বড় ভাই রুবেল খুনের ঘটনায় ছোট ভাইয়ের আদালতে স্বীকারোক্তি প্রদান

20


ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বড় ভাই রুবেল বিশ্বাস খুনের ঘটনায় নেশাখোর ছোট ভাই পলাতক সোহান বিশ্বাস (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। মামলা করার ১২ ঘন্টা পর হাসানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং খুনের কাজে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার রুদাঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামে দরিদ্র ভ্যান-চালক জিনিতুল্লাহ বিশ্বাসের যৌথ পরিবারে বড় ছেলে রুবেল বিশ্বাসের সঙ্গে ছোট ছেলে সোহান বিশ্বাসের তুচ্ছ ঘটনায় ঝগড়া হয়। এক পর্যায়ে ঘটনার দিন সোমবার রাতে বাড়ির পাশে টিউবওয়েলের সামনে আপন ছোট ভাই নেশাগ্রস্থ সোহান বিশ্বাস ঘর থেকে ধারালো হাসুয়া এনে বড় ভাই রুবেলের পেটে ও মাথায় উপর্যুপরি কোপাতে থাকে। ওই সময় রুবেলের আত্ম-চিৎকারে পরিবারের অন্যরা ছুটে আসলে সোহান বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় আপনজনেরা তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স ডেকে রুবেল-কে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু তারা অবস্থা বেগতিক দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলে। পরে খুমেক হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী রওশনারা বেগম বাদি হয়ে মাদকাসক্ত দেবর সোহান বিশ্বাসের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার ভোরে নিজ এলাকা থেকে আসামি সোহান কে গ্রেফতার ও খুনের কাজে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করেছেন।
এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, খুনের ঘটনায় ১২ ঘন্টার মধ্যে আসামি সোহান কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন।পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।