Home আঞ্চলিক সুন্দরবনের আলোরকোলে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাস উৎসব

সুন্দরবনের আলোরকোলে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাস উৎসব

4


মোংলা প্রতিনিধি
বৃহস্পতিবার থেকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরের আলোরকোলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। তবে জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে অন্যান্য বারের মতো এবারও পুণ্যার্থী ছাড়া অন্য কেউ ওই সময় সুন্দরবনে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া এবারও উৎসবকে কেন্দ্র করে হচ্ছে না রাস মেলা। ২০২১সাল থেকে রাস মেলা বন্ধ রয়েছে। এদিকে এবারও রাস পূর্নিমার অন্তরালে পূন্যার্থীর ছদ্মবেশে এক শ্রেণীর অসাধু ব্যক্তি সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে হরিণ শিকারের টার্গেট নিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে হরিণসহ অন্যান্য বনপ্রাণী শিকার রোধে বনবিভাগসহ বিভিন্ন আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরাতাদের টহগ কার্যক্রম বৃদ্ধিসহ কঠোর সতর্কতা অবলম্বন করেছে।
বনবিভাগ জানিয়েছে, তিথি অনুযায়ী আজ বুধবার থেকে ১৬নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী দুবলারচরের আলোরকোল এলাকায় রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন উপকূল জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সময় অন্যান্য বন্যপ্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য বনবিভাগ নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, এবারও ‘রাস মেলা হচ্ছে না। রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের বন বিভাগের পাস পারমিট দেয়া হয়েছে। সেক্ষেত্রে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। তবে বন বিভাগের নির্দেশনা মানতে হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, পূজা ও পুণ্যস্নানে তীর্থযাত্রীরা লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও নৌকাযোগে গমন করে থাকেন। দর্শনার্থী ও তীর্থযাত্রীদের ১৪থেকে ১৬নভেম্বর তিন দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। প্রবেশের সময় অ্যান্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং লোকের সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব আদায় পূর্বক পাশ দেওয়া হবে। অনুমতি পেতে জাতীয় পরিচয়পত্রের কপিসহ তীর্থযাত্রীদের আবেদন করতে হবে। প্রতিটি অনুমতিপত্রে সিল মেরে পথ/রুট উল্লেখ করা হবে। তীর্থযাত্রীরা পছন্দ মতো একটি রুট ব্যবহার করতে পারবেন। আজ দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। তবে শুধু দিনের বেলায় চলাচল করতে পারবেন। বনবিভাগের চেকিং পয়েন্ট ছাড়া কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক লাইভ জ্যাকেট বা বয়া সংরক্ষণ করতে হবে। গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও মেলার অনুমতি নেই। কেবল রাস পূজা ও স্নানের জন্য সনাতন ধর্মাবলম্বীরা অনুমতি পাবেন। তীর্থযাত্রীদের বন বিভাগের নিদের্শনা মেনে চলতে হবে।’
এদিকে এবারও রাস পূর্ণিমায় অংশ নেওয়ার নামে এক শ্রেণির চোরা শিকারী ছদ্মবেশে হরিণ শিকারের টার্গেট করে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশের পাঁয়তারা চালাচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে। ইতিমধ্যে কিছু অসাধু ব্যক্তি মাছ ধরার জেলের ছদ্ম বেশে সুন্দরবনের গহীণে হরিণ শিকারের টার্গেট নিয়ে অনুপ্রবেশ করেছে বলে সূত্র জানিয়েছে। গত সপ্তাহে চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে হলিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ ২০জনকে আটক করেছে বনবিভাগ।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, প্রতি বছর রাস মেলায় কয়েক হাজার মানুষ সুন্দরবনের দুবলার চরে সমবেত হন। তবে এ সময় হরিণ শিকারও বেড়ে যায়, যা বনবিভাগের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এজন্য ২০২২সাল থেকে রাস মেলায় হিন্দু সম্প্রদায় ব্যতীত অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। তিনি আরো বলেন, এবার যাতে হরিণসহ অন্য কোন ধরনের বন্যপ্রাণী নিধন না হয় সেজন্য বন বিভাগ সজাগ দৃষ্টি রেখে টহল ব্যবস্থা জোরদার করেছে।