স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে একজন ইউটিউব তারকা ও ইনফ্লুয়েন্সারকে সেরা একাদশে রেখে মাঠে নামায় ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রা। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। যেখানে অনেকে বলছেন ‘লজ্জাজনক’, কারও চোখে এটা ‘অপমানজনক।’ কেউ কেউ ক্ষোভে ফেটে পড়ছেন।
গতকাল সোমবার নিজেদের মাঠে সেরা একাদশে রিয়েস্ত্রা ইভান রাউল বুয়াখেরুক ফের্নান্দেসকে রাখে। যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্রিন নামে পরিচিত। এই লীগের শীর্ষ দল ভেলে সারফিলের বিপক্ষে ম্যাচে তাকে নামানো হয় স্ট্রাইকার হিসেবে।
যদিও ফের্নান্দেসকে এক মিনিটও মাঠে রাখা হয়নি। তিনি একবারও বলে স্পর্শ করতে পারেননি। ৫০ সেকেন্ডেই তাকে তুলে নেওয়া হয়। কিন্তু এই ঘটনা নিয়ে বিতর্কে এখন উত্তাল আর্জেন্টাইন ফুটবল।
আর্জেন্টিনায় ২৪ বছর বয়সী ফের্নান্দেস তুমুল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। যেখানে ইউটিউবে তার সাবস্ক্রাইবার প্রায় ৮০ লাখ, ইনস্টাগ্রামে অনুসারী ৫০ লাখের বেশি। এছাড়া আমেরিকান ভিডিও লাইভ-স্ট্রিমিং সাইট টুইচ-এ তার অনুসারী ১ কোটির কাছাকাছি।
এদিকে আর্জেন্টাইন ফুটবলে অপ্রথাগত ও চমকপ্রদ প্রচারণা ও বিপণন কৌশলের জন্য পরিচিতি আছে দেপোর্তিভো রিয়েস্ত্রার। পেশাদার ফুটবলে কোনো অভিজ্ঞতা বা সংস্পর্শ না থাকলেও ওই ইনফ্লুয়েন্সারকে মাস দুয়েক আগে চুক্তিবদ্ধ করে ক্লাবটি এবং আর্জেন্টাইন ফুটব অ্যাসোসিয়েশনেও তাকে নিবন্ধন করানো হয়।
সেসময় তারা এটিকে ক্লাবের প্রচারণার অংশ হিসেবেই বলেছিল। তবে তখনও সমালোচনা হয়েছিল। তবে এবার সত্যিই তাকে মাঠে নামিয়ে দেওয়ায় সমালোচনার স্রোত চারপাশে।











































