Home খেলাধুলা পাকিস্তানে যাবে না ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফি কি হাইব্রিড মডেলে?

পাকিস্তানে যাবে না ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফি কি হাইব্রিড মডেলে?

13


স্পোর্টস ডেস্ক

ধারণা করা হচ্ছিল আগেই, এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তান যাবে না ভারত জাতীয় ক্রিকেট দল। সেই ধারণাই সত্যি হলো। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের না যাওয়ার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই।


আগামী বছরের ফেব্রুয়ারির ১৯ থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যুতে আয়োজিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। অংশ নেওয়ার কথা আটটি দলের। ভারতের এই সিদ্ধান্তের পর এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হতে পারে হাইব্রিড মডেলে। যেখানে পাকিস্তানে কিছু ম্যাচ ও বাইরে কিছু ম্যাচ আয়োজিত হবে। সেই নিরপেক্ষ ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলংকায়।

যদিও হাইব্রিড মডেলের চরম বিরোধিতা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। গত শুক্রবার তিনি জানিয়েছেন, ‘হাইব্রিড মডেল’ গ্রহণের জন্য প্রস্তুত নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিনি জানিয়েছেন, ভারত এশিয়া কাপে খেলতে না এলেও তাদের দেশে বিশ্বকাপ খেলতে যাওয়াসহ অনেক ভালো আচরণ করেছে পাকিস্তান।

মূলত, ভারত সরকারের অনুমোদন পাওয়ায়ই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যদিও সরকারের এই নির্দেশনা লিখিত চেয়েছিলেন নকভি। কিছুদিন আগেই বিসিসিআইয়ের এমন অবস্থানের ব্যাপারে নোটিশ পেয়েছে আইসিসি। যদিও সেটি মৌখিক নাকি লিখিত সেই ব্যাপারটি এখনো স্পষ্ট নয়। পিসিবিকে বিসিসিআইয়ের এমন অবস্থান জানানোর আগে লিখিত বার্তা চাইতে পারে আইসিসি।

৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আগামী বছরে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি। গ্রুপপর্বের পর চার দলের সেমিফাইনাল ও ফাইনালে খেলবে দুই দল। ৮টি দল হলো- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, ২০০৮ সালের এশিয়া কাপের পর আর পাকিস্তান সফরে যায়নি ভারত দল। দুই দলের মধ্যে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০১২-১৩ সালে, ভারতের মাটিতে। বর্তমানে আইসিসি বা এসিসির টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই দল।