স্পোর্টস ডেস্ক
এখনো পর্যন্ত পাঁচবার ফুটবল বিশ্বকাপ খেলেছেন মাত্র ছয়জন। এর মধ্যে একজন মেক্সিকোর আন্দ্রেস গুয়ার্দাদো। গত মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। এবার ক্লাব ফুটবল থেকেও বিদায়ের ক্ষণ জানিয়ে দিলেন বর্ষীয়ান এই ফুটবলার।
ক্লাব ক্যারিয়ারের ১৯ বছরের পথচলা থামিয়ে চলতি মৌসুমের পর আর খেলবেন না গুয়ার্দাদো। ইনস্টাগ্রাম লাইভে এসে অবসরের ঘোষণা দেন তিনি। বর্তমানে নিজ দেশের ক্লাব লেওনে খেলছেন তারকা এই ফুটবলার।
পেশাদারি ক্যারিয়ার ২০০৫ সালে শুরু করেন গুয়ার্দাদো। একই বছরে জাতীয় দলে জায়গা পান তিনি। এরপর মেক্সিকোর হয়ে টানা ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেন তিনি। এর মধ্যে উত্তর আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কনক্যাকাফ গোল্ড কাপে খেলেছেন তিনবার। মেক্সিকোর হয়ে রেকর্ড ১৮২ ম্যাচ খেলেন তিনি।
মেক্সিকোতে ক্লাব ক্যারিয়ার শুরু করার পর ইউরোপে আসেন গুয়ার্দাদো। প্রথমে স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনিয়ার হয়ে খেলেন তিনি পাঁচ বছর। পরে ভালেন্সিয়া, বায়ার লেভারকুসেন, আইন্দহোভেন ও রিয়াল বেতিসে খেলেন তিনি। ২০১৭ সালে বেতিসে ভেড়ার পর গত বছরের জানুয়ারি পর্যন্ত এই ক্লাবে ছিলেন তিনি। এরপরই শেষ হয় তার ইউরোপীয় অধ্যায়। খেলা ছাড়ার পর জাতীয় দলের কোচিং স্টাফে দেখা যাবে গুয়ার্দাদোকে।











































