স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও মাঠের বাইরে ভালো সময় কাটাচ্ছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে একটি নৈশভোজে যায় বাংলাদেশ দল। সেখানে বাংলাদেশ দলের খেলোয়াড় ও অন্যান্যদের নানা উপহার দেয় আফগানিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলছে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। নিজেদের দেশে ক্রিকেট খেলা না হওয়ায় আরব আমিরাতকেই হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আফগানিস্তান। তাই স্বাগতিক দল হিসেবেই আফগানিস্তানের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী পেস্তা বাদাম, আখরোট ও কার্পেটসহ নানা উপহার দেয় দেশটি।
এক বিবৃতিতে আফগান বোর্ড জানায়, দেশের ঐতিহ্য ও রীতিনীতি অনুযায়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নৈশভোজের মাধ্যমে বিশেষভাবে আপ্যায়ন করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই ভোজে আফগান খেলোয়াড়রা তাদের প্রতিপক্ষকে আফগানদের হাতে বোনা কার্পেটসহ দেশের বিখ্যাত শুকনো ফলের উপহার দিয়েছেন।
গতকালের এই নৈশভোজে আলোচনাপর্বও হয়েছে। সেখানে অংশ নিয়েছেন দুই দলের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ও নাজমুল হোসেন শান্ত এবং কোচ জোনাথন ট্রট ও ফিল সিমন্স। উপহার ছাড়াও দুই দলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নাম, ছবি সংবলিত দুইটি প্ল্যাকার্ড দেখা গেছে দুই অধিনায়কের হাতে।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে পাত্তাই দেয়নি আফগানরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ২ বল বাকি থাকতে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাব দিতে নেমে এক পর্যায়ে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ফেললেও ১১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ৯২ রানের বড় হার দেখে টাইগাররা। আগামীকাল শনিবার সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।











































