স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানে হারে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আগামীকাল হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাঁচা-মরার এই ম্যাচের আগে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যেখানে উঠে আসে প্রথম ম্যাচের আক্ষেপ।
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ২৩৫ রানে আটকে দেয় বাংলাদেশের বোলাররা। ২৩৬ রানের লক্ষ্যে এক সময় ৩ উইকেট হারিয়েই ১৩২ রান করে ফেলে বাংলাদেশ। তবে হঠাৎ করে দেখা দেয় এক ধস। ১১ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয় টাইগাররা।
তৃতীয় উইকেটে বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ৬৫ রানে দুই উইকেট হারানো দলকে এই দুজন নিয়ে যান ১২০ রান পর্যন্ত। এই রানে প্রথমে শান্ত (৪৭) আউট হওয়ার পর চতুর্থ ব্যাটার হিসেবে ১৩২ রানে ফেরেন মিরাজ (২৮)। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
প্রথম ম্যাচে নিজেদের ব্যাটিংয়ের সময়ের বর্ণনা দিয়ে মিরাজ বলেন, ‘আমি আর শান্ত (নাজমুল) যখন ব্যাট করছিলাম, তখন আমাদের দুজনের কাছে উইকেট সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বল যখন একটু নরম হয়েছে, পুরোনো হয়েছে, তখন হঠাৎ করেই বাঁকটা বেশি নেওয়া শুরু হয়। আমি আর শান্ত মাঝে ভুগেছি। হ্যাঁ, দুজন যেভাবে সেট ছিলাম, একজনের ফিনিশ করা উচিত ছিল। কারণ, আমি শান্তকে বারবার বলছিলাম, আমাদের দুজনের যেহেতু সমস্যা হচ্ছে খেলতে, তাই পরের ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন হবে। হঠাৎ করেই উইকেট এমন টার্নিং হচ্ছিল, স্লো টার্নিং হচ্ছিল, সোজা আসছিল। আগে থেকে ধারণা করা যায়নি কোন বল সোজা আসবে, কোন বল বাঁক নেবে।’
নিজেরা ভুল করেছেন বলেও স্বীকার করলেন মিরাজ, ‘ওই সময়ে আমরা ভুল করেছি। শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে কথা বলেছি। এই উইকেটে আমার মনে হয় সেট ব্যাটসম্যানদের (ম্যাচ) শেষ করা উচিত ছিল। এটা অবশ্যই আমি ও শান্ত দুজনেই ভুল করেছি।’
প্রথম ওয়ানডেতে হারলেও সুযোগ শেষ হয়ে যায়নি বলেই মনে করেন মিরাজ। আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মিরাজ বলেন, ‘আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।’











































