মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিমকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ সংবর্ধনা প্রদাণ করেন। শুক্রবার (৮নভেম্বর) বিকেল ৪টায় ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসা চত্বরে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শরীফ মোঃ আঃ কাদিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রসিকিউটর (ডেপুটি এ্যাটর্নী জেনারেল) গাজী মোনাওয়ার হুসাইন তামিম তার পিতা শহীদ গাজী আবু বকার সিদ্দিকের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রয়াত গাজী আবু বকার সিদ্দিক ছিলেন আপামর গণমানুষের নেতা। তিনি তার সারাজীবন বাগেরহাটের মানুষের সেবা করে গেছেন। তার ধর্মীয় জ্ঞানের পথ ধরে শত শত মানুষ বাইয়্যত হয়েছেন। এ এলাকার মাটি ও মানুষের সাথে মিশে গিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। তার নীতি ও আদর্শ অনুসরণ করে আমরা আমাদের লক্ষে পৌঁছাতে সক্ষম হয়েছি। ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদরাসার ছাত্র হতে পেরে আমি গর্ববোধ করছি। আগামীতে এ মাদ্রাসার উন্নয়নে আমি কাজ করে যাবো। তিনি সকলের কাছে দোয়া কামনা করে আরো বলেন, বর্তমান সরকারের অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো। এ জন্য সকলের মহাযোগীতা কামনা করেন।
মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ মনোওয়ার রনির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এ আনোয়ারুল কুদ্দুস, রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও প্রাক্তন ছাত্র সরদার মহিদু্ল ইসলাম।











































