নিজস্ব প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দর্শনায় দুই নারীকে কুপিয়ে জখম করেছে কয়েকজন যুবক। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার শান্তিপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার শান্তিপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী পান্না বেগম (৪০) ও মৃত ওমর আলির স্ত্রী রওশন আরা (৫০) বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। এসময় শান্তি পাড়ার চৌরাস্তা মোড়ে পৌঁছলে একই পাড়ার মৃত আ. খালেক মিয়ার ছেলে আশিক (২৪)-সহ কয়েকজন তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।
দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমীর জানান, আহতদের স্হানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং রাত ৮টার দিকে অভিযুক্ত আশিককে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।











































