স্পোর্টস ডেস্ক
নারী ক্রিকেটে চার বছর মেয়াদী ভবিষ্যৎ সফর পরিকল্পনা বা এফটিপি ঘোষণা করেছে আইসিসি। যেখানে ২০২৫ সালের মে মাস থেকে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত এই চক্রে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। আর লাল-সবুজের মেয়েরা এবার নতুন এফটিপির উইমেনস চ্যাম্পিয়নশিপেও আছে।
নতুন এফটিপিতে আগের মতোই দলগুলো চারটি হোম ও চারটি অ্যাওয়ে ওয়ানডে সিরিজ খেলবে, তবে একটি দল বেড়েছে। এছাড়া চলমান তৃতীয় উইমেনস চ্যাম্পিয়নশিপটা ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও কাজ করছে। যেখানে২০২৯ ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব হিসেবে কাজ করবে চতুর্থ উইমেনস চ্যাম্পিয়নশিপ। আসছে টুর্নামেন্টে নতুন দল হিসেবে সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে নারী দল।
জিম্বাবুয়ের বিপক্ষে ২০২৭ সালের নভেম্বরে বাংলাদেশ একটি হোম সিরিজ খেলবে। ওই সিরিজে ওয়ানডে তিনটি ছাড়াও থাকছে তিনটি টি-টোয়েন্টি। জিম্বাবুয়ে ছাড়াও বাংলাদেশের মেয়েরা উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ঘরের মাঠে খেলবেন শ্রীলংকা (২০২৬, এপ্রিল), ওয়েস্ট ইন্ডিজ (২০২৭, মার্চ) ও দক্ষিণ আফ্রিকার (২০২৮, এপ্রিল) বিপক্ষে। এ সময়ে দেশের বাইরে বাংলাদেশ নারী দল সিরিজ খেলবে ভারত (২০২৫, ডিসেম্বর), অস্ট্রেলিয়া (২০২৬, অক্টোবর), ইংল্যান্ড (২০২৭, সেপ্টেম্বর) ও পাকিস্তানের (২০২৮, অক্টোবর) বিপক্ষে। প্রতিটি ওয়ানডে সিরিজের সঙ্গেই থাকবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।
এদিকে উইমেনস চ্যাম্পিয়নশিপের বাইরেও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। এই সময়ে শুধু দ্বিপক্ষীয় সিরিজ মিলিয়েই ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের।
বাংলাদেশের মেয়েদের দ্বিপক্ষীয় সিরিজের বাইরেও এ সময়ে পাঁচটি বৈশ্বিক টুর্নামেন্ট খেলার সম্ভাবনা আছে। ২০২৫ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে যুক্তরাজ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি, ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।
২০২৫ ওয়ানডে বিশ্বকাপে আটটি দল, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি, ২০২৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ৬টি ও ২০২৮ অলিম্পিকে সম্ভাব্য দলের সংখ্যাও ৬। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।











































