Home আঞ্চলিক বিএনপি নেতা তরিকুলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বিএনপি নেতা তরিকুলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

104


নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৪ নভেম্বর)। তিনি একাধারে রাজনৈতিক নেতা ও উন্নয়নকর্মী ছিলেন। তরিকুল ইসলাম ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন।

১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে যশোর এমএম কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩ সালে সর্বক্ষেত্রে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার আন্দোলনে যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৯৭০ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করেন তরিকুল। সেখান থেকে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল ও পরে জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন তিনি।

বিএনপির প্রথম আহ্বায়ক কমিটির ৭৬ সদস্যের অন্যতম ছিলেন তিনি। দলের যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, ভাইস চেয়ারম্যান ও মৃত্যুর আগপর্যন্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তরিকুল। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, খাদ্য, তথ্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও স্মরণসভা, এতিমখানা-মাদ্রাসায় খাবার ও বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে যশোর জেলা ও স্থানীয় বিএনপি।