Home খেলাধুলা নেই কোনো স্পিনার, ৫ পেসার নিয়ে পাকিস্তানের একাদশ

নেই কোনো স্পিনার, ৫ পেসার নিয়ে পাকিস্তানের একাদশ

14


স্পোর্টস ডেস্ক

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচ উপলক্ষে একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে সফরকারীরা। এই একাদশে রাখা হয়নি কোনো বিশেষজ্ঞ স্পিনারকে। দলে আছেন ৫ জন পেস বোলার।

বিশেষজ্ঞ ৪ পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন ছাড়াও আছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেস বোলিং অলরাউন্ডার মুহাম্মদ ইরফান খান। বিশেষজ্ঞ কোনো স্পিনার না থাকলেও পাকিস্তানের সহ-অধিনায়ক সালমান আলী আগার স্পিনের হাত মন্দ নয়।

ইরফান ছাড়াও এই সিরিজে অভিষেক হতে যাচ্ছে ওপেনিং ব্যাটার সাইম আইয়ুবের। প্রায় দুই বছর পর দলে ফিরেছেন কামরান গুলাম হাসনাইন। সবশেষ গত বছরের জানুয়ারিতে পাকিস্তানের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন হাসনাইন। সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া লিগ চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে ৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ঝলক দেখান তিনি। এরপরই দলে ফেরানো হয় তাকে। আর টেস্টে দুরন্ত সেঞ্চুরির পর বিবেচনা করা হয় কামরানকে।

ওপেনার সাইমের সঙ্গে ওপেনিংয়ে নামবেন আব্দুল্লাহ শফিক। তার পরেই নামবেন তারকা ব্যাটার বাবর আজম। মিডল অর্ডারে নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ছাড়াও থাকছেন কামরান, সালমান ও ইরফান। এরপর বোলিং বিভাগে চার পেসার শাহিন, নাসিম, হারিস ও হাসনাইন।

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশ

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মুহাম্মদ ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।