স্পোর্টস ডেস্ক
হংকংয়ে অনুষ্ঠিত ৬ ওভারের টুর্নামেন্ট ‘হংকং ক্রিকেট সিক্সেস’-এর দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে আসর থেকে বিদায় নিলেন সাইফউদ্দিনরা। আর ফাইনালে জায়গা করে নিল লংকানরা। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।
আজ রবিবার মিশন রোডা গ্রাউন্ডে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ১ বল বাকি থাকতে জয় পায় শ্রীলংকা।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার সানদুন ভেরাক্কোডির ১৬ বলে ঝড়ো ৫০ রানের সুবাদে জয় পায় শ্রীলংকা। এছাড়া আরেক ওপেনার ধনাঞ্জয়া লাকশান ৬ বলে ২৪ রান করেন।
বাংলাদেশের জিশান আলম ২টি উইকেট পান।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জিশানের ১১ বলে ৩৬ ও অধিনায়ক সাইফের ১২ বলে ২৩ রানে দলীয় শতক পার করে বাংলাদেশ।
প্রসঙ্গত, হংকংয়ে ১২ দল নিয়ে চলছে ৬ ওভারের এই টুর্নামেন্টটি। ৬ ওভারের এই টুর্নামেন্টে প্রত্যেক দল ৬ জন নিয়ে খেলছে।











































