বিনোদন ডেস্ক।।
চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে বাধার মুখে একটি শোরুম উদ্বোধনে অংশ নিতে পারেননি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আজ শনিবার একটি লাইফস্টাইল ব্র্যান্ডের শোরুম উদ্বোধনের কথা ছিল চট্টগ্রামের মেয়ে মেহজাবীনের।
এর আগে জনপ্রিয় এ অভিনেত্রীকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে প্রচারপত্র বিলি ও ব্যানার টানায় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা।’
তবে শোরুম উদ্বোধনে অংশ নিতে মেহজাবীন চৌধুরী শনিবার চট্টগ্রামে এসেছেন। পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে পেঁয়াজু হাতে একটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অনলি চিটাগাংস ক্যান রিলেটেড।’
স্থানীয় কয়েকজন জানান, মেহজাবীন মূলত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। সে জন্য মেহজাবীন অনুষ্ঠানে আসেননি।
এ বিষয়ে শোরুমটির ব্যবস্থাপক ইমদাদ হোসেন বলেন, ‘রাজনৈতিক সমস্যার কারণে উনি (মেহজাবীন) আসতে পারেননি। শেষে উনাকে ছাড়াই উদ্বোধন হয়েছে। আর কিছু বলতে পারছি না।’
এর আগে শোরুমটি উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্ত-অনুসারীদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, আগের দিন এক হুজুর একটি শোরুম উদ্বোধন করেছেন। পরদিন মেহজাবীন দিয়ে আরেকটি শোরুম উদ্বোধন করার আয়োজন করে একটি পক্ষ। যেটি হুজুরের প্রতি অসম্মান জানানো হয়েছে বলে প্রতিরোধের ঘোষণা দেয় অপরপক্ষ। বিষয়টি জেনেই মেহজাবীন নিজ থেকে শোরুম উদ্বোধনে আসেননি।









































