স্পোর্টস ডেস্ক
ইচ্ছা থাকলেও মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। তবে সাকিবের এই খেলতে না পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো দায় নেই বলে জানালেন সংস্থাটির সভাপতি ফারুক আহমেদ। বিষয়টি বোর্ডের আওতার বাইরে ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।
দেশের মাটিতে সাকিবের খেলতে না পারার বিষয়টি নিয়ে এই প্রথম বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হলো। দুবাইয়ে আইসিসি সভা থেকে ফিরে আজ সাকিবকে নিয়ে একথা বলেন ফারুক।
বিসিবি সভাপতি বলেন, ‘(সাকিব) শেষ টেস্ট খেলতে পারেনি। বিষয়টাতে আমরা কোনোভাবে জড়িত নই। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও সাকিব আল হাসানের ব্যাপার। …আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে যত কথাই বলি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব দেশ থেকে অবসরে যেতে পারে। আমার চেষ্টা আমি করেছি।’
তবে সাকিবকে শুধু খেলোয়াড়ই নয়, অন্যভাবেও দেখতে হবে বলে মনে করিয়ে দিলেন ফারুক, ‘কিন্তু সাকিব এখন শুধু একজন খেলোয়াড় নয়। তার একটা পরিচয় আছে যে, গত সরকারের একজন এমপি ছিল এবং কিছু সেন্টিমেন্ট আছে। সব মিলিয়ে সরকালের দৃষ্টিকোণ ও ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ তো এক নয়।’
আগামী সপ্তাহের বুধবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিবের থাকার সম্ভাবনা নিয়ে ফারুক বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা… এখনও যেহেতু দল দেয়নি, আমার মনে হয় অ্যাভেইলঅ্যাবল আছে সে।’











































