Home খেলাধুলা সাকিবকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের তিনে মিরাজ

সাকিবকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের তিনে মিরাজ

21


স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সেই শীর্ষস্থান বেশ আগেই হারিয়েছেন তিনি। এবার তিনি পেছনে পড়লেন বাংলাদেশেরই আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। আজ প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, টেস্ট অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন মিরাজ। আর এক ধাপ নিচে নেমে সাকিব আছেন চার নম্বরে। লাল বলে অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা, দুইয়ে তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে, বোলিংয়ে র‌্যাঙ্কিং পেছালেও ব্যাটারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের ইনিংস খেলা মিরাজ। বোলিংয়ে দুই ধাপ পিছিয়ে ২১ নম্বরে এখন মিরাজ। তবে ব্যাটিংয়ে ৯ ধাপ এগিয়ে তিনি আছেন ৬৩ নম্বরে।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে তাইজুল ইসলাম। তিন ধাপ এগিয়ে ১৮ নম্বরে এই বাঁহাতি স্পিনার। বোপলারদের মধ্যে সবার ওপরে মিরপুর টেস্টে বাংলাদেশকে বিধ্বস্ত করা কাগিসো রাবাদা। ২০১৮ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে প্রায় এক বছর রাজত্ব ধরে রেখেছিলেন রাবাদা। পাঁচ বছর পর আবারও সবার ওপরে উঠলেন তিনি।

মিরপুরে প্রথম ইনিংসে ৩ উইকেট পান রাবাদা। আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়ে ৪৬ রানের বিনিময়ে ৬ উইকেট নেন। ম্যাচে তার প্রাপ্তি ৭২ রানে ৯ উইকেট। উপমহাদেশের বাইরের কোনো পেসারের জন্য মিরপুরে সেরা বোলিং এটিই। বোলারদের মধ্যে ৩ ধাপ এগিয়েছেন তিনি।

এদিকে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে অনবদ্য বোলিং করে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী। ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া নোমান দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। এই পারফরম্যান্সে ৮ ধাপ এগিয়ে তিনি আছেন নবম স্থানে। ম্যাচে ১০ উইকেট নেওয়া সাজিদ খানের অগ্রগতি ১২ ধাপ, আছেন ৩৮তম স্থানে।

ব্যাটারদের মধ্যে রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি করা সৌদ শাকিল ২০ ধাপ এগিয়ে আছেন ৭ নম্বরে। ব্যাটারদের মধ্যে সবার ওপরে ইংলিশ ব্যাটার জো রুট। পুনেতে ভারত-নিউজিল্যান্ড টেস্টে ১৩ উইকেট নিয়ে ৩০ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে আছেন মিচেল স্যান্টনার।