Home জাতীয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনও স্থান নেই বাংলাদেশে: ড. ইউনূস

শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনও স্থান নেই বাংলাদেশে: ড. ইউনূস

22


খুলনাঞ্চল ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনও স্থান পাবে না বাংলাদেশে। এই মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ‘ফ্যাসিজমের সব বৈশিষ্ট্য’ আওয়ামী লীগ প্রদর্শন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (৩০ অক্টোবর) পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসকে ড. ইউনূস বলেন, ‘আপাতত এখানে তার (শেখ হাসিনা) কোনও স্থান নেই। বাংলাদেশে আওয়ামী লীগের কোনও স্থান নেই। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা দেশের জনগণ, রাজনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান সবকিছুকেই নিয়ন্ত্রণ করেছে। একটি গণতান্ত্রিক দেশে এরকম ফ্যাসিস্ট দলের অস্তিত্ব থাকতে পারে না।’
ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নে ড. ইউনূস বলেছেন, অন্তর্র্বতী সরকার আপাতত সে চেষ্টা করছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি বলেছেন, ‘তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছ। রায় হওয়ার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।’
চলতি মাসের শুরুতে সাবেক প্রধানমন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও শেখ হাসিনার ১৫ বছরেরও বেশি সময়ের শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের অভিযোগ এনেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও মানবাধিকার সংগঠনগুলো।
দল হিসেবে আওয়ামী লীগ পুরো ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন ড. ইউনূস। তবে তারা (অন্তর্র্বতী সরকার) যেহেতু কোনও ‘রাজনৈতিক সরকার’ নন, তাই দলটির ভাগ্য নির্ধারণের দায়িত্ব নেবে না।
আওয়ামী লীগ ভবিষ্যৎ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্যান্য রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিটি সহিংসতার তদন্ত হওয়া দরকার: জুলাই-আগস্টের ঘটনা নিয়ে ভলকার টুর্ক
ঢাকা অফিস
প্রতিটি হত্যার তদন্ত ও বিচার করাই হচ্ছে মানবাধিকারের দাবি। একইসঙ্গে গণপিটুনি দিয়ে হত্যা (মব জাস্টিস) অগ্রহণযোগ্য। মামলা করার সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। বাংলাদেশে দুদিনের সফর শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।
মঙ্গল ও বুধবার এই দুদিন তিনি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন।
মব জাস্টিস নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেই করে থাকুক, প্রতিটি সহিংসতার তদন্ত হওয়া দরকার। যেকোনও ধরনের মব জাস্টিস অগ্রহণযোগ্য। এর জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার।’
অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে ছাড়া কোনও মামলা করা যায় না। এটি সুরাহা করা অত্যন্ত জরুরি। এই বিষয়ে একটি কমিশন গঠন করা হয়েছে। আগে যা করা হতো সেটির পুনরাবৃত্তি আমরা চাই না। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।’
তিনি বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ যে কেবল আওয়ামী লীগের সদস্য বা সমর্থকসহ তাদের পূর্ববর্তী রাজনৈতিক সম্পৃক্ততার ভিত্তিতে ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় না।’
৫ আগস্টের পরে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেটির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দোষী যেই হোক, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত হওয়া দরকার– এটি খুব পরিষ্কার। প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত হওয়া দরকার এবং এটি মানবাধিকারের দাবি। হত্যাকাণ্ডের দায়মুক্তি দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে বিপুল সংখ্যক হত্যার অভিযোগসহ কিছু অভিযোগ যথাযথ তদন্তের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হওয়ার আশঙ্কা রয়েছে। অতীতের নিদর্শনগুলোর পুনরাবৃত্তি না করা গুরুত্বপূর্ণ। মিথ্যা মামলার সম্ভাব্য বিস্তার মোকাবিলার হাতিয়ার হিসেবে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য অন্তর্র্বতী সরকারের একটি কমিটি গঠনকে আমি স্বাগত জানাই। যথাযথ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া জরুরি।’

ফৌজদারি ন্যায়বিচার গুরুত্বপূর্ণ, তবে অভিযোগগুলো যাতে তাড়াহুড়ো করে আনা না হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ সর্বত্র যথাযথ প্রক্রিয়া এবং সুষ্ঠু বিচারের মান বজায় রাখা হয় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
তিনি বলেন, ‘আমি দেখেছি যে অন্তর্র্বতী সরকার অতীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যধারার সমস্যাগুলো সম্পর্কে সচেতন ছিল। আমার অফিস আইসিটি আইন সংশোধন, এটিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতে এবং সুষ্ঠু বিচারের অধিকার নিশ্চিত করতে এবং যথাযথ প্রক্রিয়ার সঙ্গে আপস না করে ন্যায়বিচার প্রদানের বিষয়ে মন্তব্য করেছে। আমরা অন্যান্য উপায়ের দিকে নজর দেবো যাতে আমরা এই প্রক্রিয়াটিকে সমর্থন করতে পারি। আমি আশা করি ভবিষ্যতে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়েও জনসমক্ষে আলোচনা হবে।’
ছাত্রলীগ নিষিদ্ধ: ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে সেটিকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সন্ত্রাস আইন নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর ফলাফল কী হতে পারে, সেটি আমরা দেখেছি। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ক্ষেত্রে যারা ভিন্নমত পোষণকারী বা রাজনৈতিক ভিন্নমতাবলম্বী, তাদের সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হয়।’
বাংলাদেশে অফিস খোলা নিয়ে তিনি বলেন, যখন একটি দেশ রূপান্তরের মধ্য দিয়ে যায়, তখন আমরা তাদের সহায়তা দিতে পারি। আমার ইচ্ছা প্রতিটি দেশে অফিস খোলা, কিন্তু অর্থসংকটের কারণে এটি সম্ভব নয়। সেজন্য আমরা অগ্রাধিকার দেই কোথায় এটির সবচেয়ে বেশি প্রয়োজন।