Home খেলাধুলা সিলেটে জয় ঢাকা মেট্রোর আর বগুড়ায় জিতেছে রংপুর

সিলেটে জয় ঢাকা মেট্রোর আর বগুড়ায় জিতেছে রংপুর

19


স্পোর্টস ডেস্ক

চার দিনের ম্যাচে দেড় দিনের বেশি ভেসে গেলেও রংপুরের জয় আটকাতে পারেনি চট্ট্রগ্রাম। ঢাকা মেট্রো জাতীয় ক্রিকেট লীগের এবারের আসর শুরু করলো জয় দিয়ে। আর ড্র হয়েছে রাজশাহী-খুলনা ও ঢাকা-সিলেট ম্যাচ।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ প্রথম রাউন্ডের শেষদিনে চট্টগ্রামকে ইনিংস ও ৮১ রানে হারিয়েছে রংপুর। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৭৩ রান করে ইনিংস ঘোষণা দেয় রংপুর। পরে চট্টগ্রাম ১০৩ রানে গুটিয়ে গেলে তাদের ফলোঅন করায় রংপুর। দ্বিতীয় ইনিংসেও ব্যররথতার বৃত্ত থেকে বের হতে পারেনি চট্টগ্রাম, অলআউট হয় ৮৯ রানে।

রংপুরের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন। আর রিজওয়ান, রিশাদ হোসেন ও মুকিদুল ইসলামের শিকার ২টি করে উইকেট।

একই দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। ৬৩ রানের লক্ষ্য ১৫.৪ ওভারে ছুঁয়ে ফেলে তারা। প্রথম ইনিংসে বরিশাল মেট্রোর ৪০৮ রানের জবাবে ২১৯ রানে গেলে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে ২৫১ রান করলে মেট্রোর সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৩ রান।

ছোট লক্ষ্যে আনিসুল ইসলাম ও আইচ মোল্লার উইকেট হারালেও ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি মেট্রোর।

পাশের মাঠে রাজশাহীর বিপক্ষে খুলনাকে হারের হাত থেকে বাচিয়েছেন জিয়াউর রহমান ও পারেভেজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনে ৫১৬ রানের বিশাল লক্ষ্যে তারা ৭ উইকেটে ৩১১ রান করার পর ড্র হয় ম্যাচ। দিনের খেলার ২৫ ওভার বাকি থাকতে সপ্তম উইকেট হারায় খুলনা। এরপর ১৫০ বলে ২২ রানের জুটি গড়েন জিয়াউর রহমান ও শেখ পারভেজ রহমান। এতে পরাজয় এড়ায় খুলনা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা-সিলেট ম্যাচেও ফল আসেনি। আজ শেষদিনে সিলেট দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৫৭ রান করার পর ড্র মেনে নেয় দুই দল। প্রথম ইনিংসে সিলেট করে ১৪৬ রান। ২২৪ রান করে ৭৮ রানের লিড পায় ঢাকা। তবে দ্বিতীয় ইনিংসে সেটি তেমন কাজে লাগাতে পারেনি তারা।