Home আঞ্চলিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই পারে নতুন বাংলাদেশ উপহার দিতে: খুলনার জেলা প্রশাসক

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই পারে নতুন বাংলাদেশ উপহার দিতে: খুলনার জেলা প্রশাসক

31

স্টাফ রিপোর্টার

পথ বাংলাদেশ নামের বেসরকারি সংস্থার পক্ষ থেকে তরুণদের সাংবাদিকতা পেশায় উদ্বুদ্ধকরণ এবং প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে সক্ষম করতে দু’দিনব্যাপী প্রশিক্ষণ শনিবার শেষ হয়েছে।
সমাপনী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের শক্তি হচ্ছে তথ্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই পারে নতুন বাংলাদেশ উপহার দিতে। সুতরাং তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে সমাজ পরিবর্তনের পাশাপাশি নতুন বাংলাদেশ গড়তে তরুণ সংবাদকর্মীদের এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, শুধুমাত্র নেতিবাচক সংবাদ নয়, বরং মানবিক দৃষ্টিকোন থেকেও সংবাদকর্মীরা দেশ গড়ার কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারেন। পথ বাংলাদেশ তরুণদেরকে সেই পথ দেখানোর জন্য এমন উদ্যোগ নিয়েছে বলেও তিনি মনে করেন।
বাংলাদেশে সাংবাদিকতার ভবিষ্যৎ: তরুণদের ভাবনা, সাংবাদিকতায় প্রশিক্ষণার্থী ও স্বেচ্ছাসেবীদের মাঝে সনদ বিতরণী এ অনুষ্ঠান গতকাল বিকেলে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের অনেকটা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়। এর মধ্যেও বর্তমানে দেশের গণমাধ্যমগুলো অনেকটা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। এ থেকে মুক্ত হতে পেশাদার সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। বক্তারা সাংবাদিকদের মানোন্নয়নের জন্য প্রশিক্ষণের পাশাপাশি নৈতিকতাবোধ জাগ্রত করার ওপর জোর দেন।
সংস্থার প্রেসিডেন্ট খন্দকার শামীমের সভাপতিত্বে এবং চীফ অপারেশন অফিসার শহিদুল্লাহ জ্যাকি ও চীফ প্রোগ্রাম অফিসার ফারদিনা ইসলাম অনন্যার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিসিপ্লিন প্রধান(চলতি) মোঃ শরিফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও সম্প্রীতি ফোরাম খুলনার সভাপতি সিলভি হারুন।
এসময় প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করেন, কেএম হাবিবুল্লাহ ও নাসরিন মাহমুদ জুথি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পথ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শিহাব মইন সৌরভ, কর্মকর্তা আরাফাত হাবিব আকাশ, মোহাম্মদ সালেক ইমাম জিলানী, তাওফিকুর রহমান ও প্রমুখ।
এর আগে দু’দিনব্যাপী প্রশিক্ষণটি নগরীর নিরালাস্থ পাথ বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ১০জন তরুণ সংবাদকর্মী অংশগ্রহণ করেন। এসময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, মাছরাঙা টিভির ব্যুরো প্রধান আবু হেনা মোস্তফা জামাল পপলু, দৈনিক সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নুর।