Home আন্তর্জাতিক ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত ইরান

ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত ইরান

27


আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে ইরান প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম জাব্বারি। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানে আক্রমণ করে, তাহলে ইরানও ‘হাজার হাজার ক্ষেপণাস্ত্র’ ছোড়ার জন্য প্রস্তুত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইব্রাহিম জাব্বারি আইআরজিসি প্রধান কমান্ডার হোসেন সালামির উপদেষ্টা। আজ বুধবার তিনি বলেন, ‘আমরা আগেই ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছি, এখন আমরা হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুত আছি। ’

ইসরায়েলের ভৌগোলিক আকার ইরানের তুলনায় ছোট উল্লেখ করে তিনি বলেন, ইরানের প্রতিশোধের ফল নিয়ে ইসরায়েলের সতর্ক থাকা উচিত।

গত ১ অক্টোবর হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে ২ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বিমানঘাঁটিসহ বেশকিছু সামরিক ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরায়েল।

এর আগে গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।