Home আঞ্চলিক যশোরের ৩ উপজেলায় জলাবদ্ধতা বন্ধের পথে ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান

যশোরের ৩ উপজেলায় জলাবদ্ধতা বন্ধের পথে ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান

93

খুলনাঞ্চল ডেস্কঃ
অবিরাম বর্ষণ ও নদ-নদীর উপচে পড়া পানিতে তলিয়ে গেছে যশোরের ভবদহ অঞ্চলের তিন উপজেলার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ রয়েছে। ১৫ দিন ধরে এসব শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধ অবস্থায় রয়েছে। বিশেষ করে কেশবপুর ও মনিরামপুরের অবস্থা বেশি খারাপ। সহসাই এর থেকে পরিত্রাণের উপায় মিলছে না। জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধের পথে। শুধু শিক্ষকরা বিদ্যালয়গুলোতে যাচ্ছেন। 
কেশবপুরে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান
অতিবর্ষণের ফলে কেশবপুর উপজেলার শতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। স্কুলের চত্বরসহ আশপাশে পানি থাকায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান সম্ভব হচ্ছে না। উপজেলার ১৪৪ গ্রামের মধ্যে প্রায় সব কটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানও তলিয়ে গেছে। 
বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দীন বলেন, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এরই মধ্যে ভবনের নিচতলায় পানি উঠে গেছে। ক্লাসের ব্যবস্থা করা হয়েছে দ্বিতীয় তলায়। কিন্তু শিক্ষার্থীরা আসতে পারছে না। ফলে পাঠদান সম্ভব হচ্ছে না। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, জলাবদ্ধতার কারণে কলেজে পানি উঠে যাওয়ায় মাইকেল মধুসূদন দত্ত সড়কের পাশে ইসমত আরা সাদেক ভবনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। তাতে খুব বেশি কাজ হচ্ছে না। 
কেশবপুর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) আনিসুর রহমান জানান, জলাবদ্ধতার কারণে শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। তার পরও শিক্ষকরা বিদ্যালয়ের পাশে যেকোনো উঁচু স্থানে বা অন্যের ঘরবাড়ির বারান্দায় শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করেছেন। কিন্তু শিক্ষার্থীদের বাড়িঘরে পানি উঠে যাওয়ায় তারা আসছে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিল্লুর রশীদ জানান, অতিবৃষ্টিতে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে গেছে। চলতি নিম্নচাপের ফলে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে আরও প্রতিষ্ঠান প্লাবিত হয়ে যাবে। 
মনিরামপুরে অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান
মনিরামপুর উপজেলার নিম্নাঞ্চলের বেশির ভাগ স্কুলের শ্রেণিকক্ষ ও খেলার মাঠ পানিতে তলিয়ে গেছে। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার নেহালপুর, কুলটিয়া, মনোহরপুর ও দূর্বাডাঙ্গা ইউনিয়নের প্রায় ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃষ্টির পানি প্রবেশ করেছে। পানিতে নিমজ্জিত হওয়ায় হাটগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএইচএমএস নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হাটগাছা মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া মশিয়াহাটি ডিগ্রি কলেজ, কুলটিয়া বালিকা বিদ্যালয়, বাজে কুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মশিয়াহাটি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
মনিরামপুরের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা রানী বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে স্কুল মাঠে পানি জমেছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। লখাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উৎপল বিশ্বাস বলেন, প্রায় এক মাস ধরে স্কুলের মাঠে পানি জমে রয়েছে। বাঁশের সাঁকোর ওপর দিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। ভবনের নিচতলায় শ্রেণিকক্ষে পানি রয়েছে। হাটগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিৎ কুমার বিশ্বাস বলেন, শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন বলেন, শ্রেণিকক্ষে পানি ঢুকে পাঠদান কার্যক্রম বন্ধের উপক্রম হওয়ার অবস্থা। বিকল্প পদ্ধতিতে শিক্ষকদের পাঠদানের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 
অভয়নগরে ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান 
অভয়নগর উপজেলার ২৫ গ্রামের কয়েক লাখ মানুষ আগে থেকেই পানিবন্দি। এবার দ্বিতীয় দফার টানা বৃষ্টিতে নতুন করে ভোগান্তিতে পড়েছে আরও কয়েক শ পরিবার। এসব এলাকার অন্তত ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধ অবস্থায় রয়েছে। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবলুর রহমান জানান, পাঠদানের কক্ষের ভেতরে পানি, অফিস কক্ষেও পানি। জলাবদ্ধতার কারণে বিদ্যালয় না চাইলেও বিদ্যালয় বন্ধ রাখতে হয়। এতে পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের চরম সমস্যা হয়। এই দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করা উচিত। 
উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) আবুল কাশেম জানান, ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে আপাতত পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু শিক্ষকরা বিদ্যালয়ে যাতায়াত করছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের উপযোগী নেই। আর কিছু প্রতিষ্ঠান জলাবদ্ধ হলেও বিকল্প ব্যবস্থায় পাঠদান দেওয়া হচ্ছে।