ঢাকা অফিস
ভারতের ঝাড়খন্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এ বক্তব্যকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে শক্ত প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারত সরকারের রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে ঢাকা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বাংলাদেশিদের নিয়ে ভারতের ঝাড়খন্ড সফরে অমিত শাহ অত্যন্ত দুঃখজনক মন্তব্য করেছেন। তার এ মন্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয় শক্ত প্রতিবাদ জানিয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবাদপত্র ঢাকার ভারতের উপহাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে চরম অসন্তোষ প্রকাশ করে এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য থেকে ভারত সরকারের রাজনৈতিক নেতাদের বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকা।
প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের মন্তব্য দুটি বন্ধু দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে অবজ্ঞা করে বলে জোর দিয়ে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।











































