Home জাতীয় নবনিযুক্ত ডিসিদের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল

নবনিযুক্ত ডিসিদের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল

32


ঢাকা অফিস।।

অভিযোগ পাওয়ার ভিত্তিতে নতুন নিয়োগ দেওয়া ৫৯ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

আজ বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সিনিয়র সচিব বলেন, ‘নতুন নিয়োগ দেওয়া ডিসির মধ্যে ৫১ জন আপাতত দায়িত্ব পালন করবেন। বাকিরা যেখানে ছিলেন, সেখানেই দায়িত্ব পালন করবেন।’ এছাড়া চারজন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে বলেও জানান তিনি।

মোখলেস উর রহমান বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া।’ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন বলেও মন্তব্য করেন এই সিনিয়র সচিব।

যে জেলার ডিসিদের নিয়োগ বাতিল হয়েছে সেগুলো হলো- লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও দিনাজপুর।

ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রদবদলের হিড়িক পড়ে। গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক পদেও আসে পরিবর্তন।

সোমবার ২৫ জেলায় এবং মঙ্গলবার ৩৪ জেলায়, দুই দফায় ৫৯ জন নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

এরপর থেকেই এই নিয়োগ নিয়ে ঘোর আপত্তি তোলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা।

ডিসি পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা।