ক্রীড়া ডেস্ক।।
ইউএস ওপেন চলাকালীন বিয়ের দিনক্ষণ ঠিক করে রেখেছিলেন। কারণ তখনো জানতেন না ফাইনালে উঠতে পারবেন। শেষ পর্যন্ত চমক দেখালেন ইউক্রেনের টেনিস খেলোয়াড় লুডমিলা কিচেনক। লাটভিয়ার ইয়েলিনা অস্টাপেঙ্কোকে নিয়ে মেয়েদের ডাবলসের ফাইনালে উঠে গেলেন তিনি। অগত্যা স্থগিত রাখলেন বিয়ে। সেটি সার্থক হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে কিচেনক-ইয়েলিনা জুটি। এই জুটির এটিই প্রথম মৌলিক কোনো শিরোপা জয়।
গত বুধবার প্রেমিক ও কোচ স্টাস খামারস্কির সঙ্গে বিয়ের কথা ছিল কিচেনকের। সেদিনই পড়ল কিনা টুর্নামেন্টের সেমিফাইনালের ম্যাচ! পরে বিয়ের তারিখ পিছিয়ে দেন তিনি। এই ত্যাগের বড় পুরস্কার পেয়েছেন ইউক্রেনিয়ান সুন্দরী। সেমিফাইনাল তো বটেই, ফাইনালেও বাজিমাত করলেন তিনি।
পরশু রাতে ফাইনালে ক্রিস্টিনা ম্লাদেনোভিচো এবং ঝাং শুয়াই জুটিকে হারিয়ে শিরোপা জেতেন কিচেনক-ইয়েলিনা জুটি। তাদের জয় সরাসরি সেটে ৬-৪, ৬-৩ গেমে। পরে শিরোপা হাতে কিচেনক জানালেন ব্যক্তিগত আয়োজন স্থগিত রাখার কথা।
তিনি বলেন, ‘বুধবার আমার প্রেমিককে বিয়ে করে নেব ঠিক করেছিলাম। সেটি হয়নি। সেমিফাইনালে খেলার জন্য আমাদের বিয়ে স্থগিত রাখতে হয়েছে।’ কোর্টের জুটি ইয়েলিনা বলেন, ‘একটা ভালো কারণেই ওদের বিয়েটা স্থগিত হয়ে গেছে। ইউএস ওপেনের ট্রফি হাতে নিয়ে বিয়ে করতে যাবে।’











































