স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের দলে ডাক না পাওয়ায় অবসরের এই সিদ্ধান্ত জানিয়েছেন এই স্পিনার অলরাউন্ডার। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলে দেওয়া সাক্ষাৎকারে বিদায়ের খবর জানান তিনি নিজেই।
টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন মঈন। যদিও সবশেষ অ্যাশেজে অবসর ভেঙে অধিনায়ক স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের ডাকে ফিরেছিলেন তিনি। এরপর আবারও অবসরে যান। এবার সব সংস্করণকেই বিদায় বললেন ৩৭ বছর বয়সী এই তারকা।
সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ফর্মে ছিলেন না মঈন। সবশেষ তিন বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক থাকলেও দলের হয়ে তেমন কোনো অবদান রাখতে পারেননি। সবশেষ ফিফটির দেখা পেয়েছেন ২০২৩ সালের জানুয়ারিতে। তাই ফর্ম বিবেচনায় তাকে অস্ট্রেলিয়া সিরিজে ডাকা হয়নি।’
অবসর ঘোষণায় ডেইলি মেইলকে মঈন বলেন, ‘আমার বয়স ৩৭ বছর। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরের প্রজন্মের সময়, এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে। আমার অধ্যায় শেষ।’
ইংল্যান্ডের হয়ে ২৯৮টি টেস্ট ম্যাচ খেলেছেন ৩৭ বছরের মঈন। এর মধ্যে টেস্টে ৬৮ ম্যাচ খেলেছেন তিনি। এই সংস্করণে ২০৪টি উইকেট আছে তার। ৫টি সেঞ্চুরিসহ রান ৩ হাজারের ওপরে। ওয়ানডেতে ১৩৮ ম্যাচ খেলা মঈনের রান ২ হাজার ৩৫৫, উইকেটসংখ্যা ১১১টি। টি-টোয়েন্টিতে ১ হাজার ২২৯ রানের পাশাপাশি মঈনের শিকার ৫১ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন মঈন। তবে তার ইচ্ছা সেরা মানের কোচ হওয়া। ইংল্যান্ডের বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাছে অনেক কিছু শিখেছেন বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।











































