বিনোদন ডেস্ক।।
ভুয়া তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে প্রচারের অভিযোগে এবার আইনের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা শিরিন শিলা। নিজেকে নিয়ে সামাজিক মাধ্যমে মনগড়া কনটেন্ট ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিনেত্রী জানান, সম্প্রতি সামাজিকমাধ্যমে ‘অসামাজিক কাজের সঙ্গে জড়িত শিরিন শিলা’ এমন শিরোনামে কনটেন্ট প্রচার
করা হচ্ছে। শুরুতে এসব পাত্তা না দিলেও এগুলোর মাধ্যমে রীতিমতো তার ক্যারিয়ার ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলে আশঙ্কা করছেন তিনি। তাই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে ১৮টি ইউআরএলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিলা। নিচ্ছেন মামলার প্রস্তুতিও। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জিডি’র বিষয়টি নিশ্চিত করেছেন। শিরিন শিলা বলেন, প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে প্রচার করছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। সেসব আবার লাখ লাখ মানুষ দেখছে। আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে।
আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। আমার পরিবার ও আত্মীয়স্বজনের সম্মানহানি হয়েছে। এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে। তাই আইনের আশ্রয় নিয়েছি।











































