স্পোর্টস ডেস্ক।।
দীর্ঘদিন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার ছিলেন ইংল্যান্ডের ডেভিড ম্যালান। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই জাতীয় দল থেকে ছিটকে যান এই টপ অর্ডার ব্যাটার। এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন ম্যালান।
আজ বুধবার অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকার ধারাবাহিকতায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও সুযোগ না মেলায় এই ঘোষণা দেন তিনি। জাতীয় দলকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলা চালিয়ে যাবেন ম্যালান।
২০১৭ সালে জাতীয় দলে অভিষেক হয় ম্যালানের। তার পর ২২ টেস্ট, ৩০ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলেছেন মালান। তিনটি সংস্করণেই সেঞ্চুরি আছে তার। এই কীর্তি গড়া আর একজন ব্যাটারই আছে ইংল্যান্ডের। তিনি জস বাটলার।
২২ টেস্টের ৩৯ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে ১ হাজার ৭৪ রান করেছেন ম্যালান। ওয়ানডেতে ৩০ ইনিংস খেলে ৬ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ১ হাজার ৪৫০ রান করেন তিনি। এই সংস্করণে তার রানের গড় ৫৫.৭৬। আর টি-টোয়েন্টিতে ৬০ ইনিংসে ১ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে ১ হাজার ৮৯২ রান করেছেন তিনি।








































