Home আঞ্চলিক কাজ নিয়ে ফেলে রাখায় কালো তালিকায় ১২ ঠিকাদার

কাজ নিয়ে ফেলে রাখায় কালো তালিকায় ১২ ঠিকাদার

124


মোসলেহ্ উদ্দিন তুহিন।।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ঠিকাদার মেসার্স হোসেন ট্রেডার্সকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জিয়াউল ট্রেডার্সের আরেকটি কাজ বাতিল ও ফার্মটি ছয় মাসের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ১২ জন ঠিকাদারকে শোকজ করা হচ্ছে।
কাজ নিয়ে দীর্ঘদিন ফেলে রাখা এবং মানুষের দুর্ভোগ সৃষ্টি করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৭ আগস্ট কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সঙ্গে প্রকৌশলীদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে শোকজের চিঠি দেওয়া হচ্ছে।

কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, এইচ এম সেলিমের মালিকানাধীন মেসার্স হোসেন ট্রেডার্সকে এক বছরের জন্য কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আর জিয়াউল ট্রেডার্সের আরেকটি কাজ বাতিল ও ফার্মটি ছয় মাসের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন,এ ছাড়া আরও ১২ ঠিকাদারকে শোকজ করা হচ্ছে। এরা হলেন আজাদ ইঞ্জিনিয়ার্স, মেসার্স তাজুল ইসলাম, শাহীদ এন্টারপ্রাইজ, মেসার্স রোজা এন্টারপ্রাইজ, টুটুল অ্যান্ড কোং, এফ এম বিল্ডার্স, রকি এন্টারপ্রাইজ, রহমান অ্যান্ড ব্রাদার্স, মাসুদ এন্টারপ্রাইজ, আবুল হোসেন কোং ও জিয়াউল ট্রেডার্স।