নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার গোস্বামী দূর্গাপুরে ঈদগাহ সংস্কার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য মামুন (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউপির সাবেক চেয়ারম্যান দবির উদ্দিন ও তার লোকজনের সঙ্গে মামুনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আজ সকালে মসজিদে ফজরের নামাজ শেষে মামুন ও তার লোকজন বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন। একপর্যায়ে মামুন জখম হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইবি থানার ওসি মামুন রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











































