Home খেলাধুলা মেসি কবে ফিরবেন জানালেন মায়ামি কোচ

মেসি কবে ফিরবেন জানালেন মায়ামি কোচ

20


স্পোর্টস ডেস্ক||
কবে মাঠে ফিরবেন লিওনেল মেসি? আর্জেন্টাইন সুপার স্টারের ফেরার খবর নিয়ে এখনও অনিশ্চয়তা। ইন্টার মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনো জানালেন, মায়ামির মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরবেন মেসি। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনো বলতে পারছেন না তিনি। গত ১৪ই জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। ডাগআউটে বসে কান্না করতেও দেখা গেছে তাকে। তবে পরে তা রূপ নেয় শিরোপার হাসিতে।
মায়ামি কোচ শুরুতে বলেছিলেন, অন্তত দু’টি ম্যাচে খেলতে পারবেন না মেসি। পরে দেখা যায়, তার চোট আরেকটু গুরুতর। তখন বলা হয়, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন জাদুকরকে। এর মধ্যে মায়ামির ম্যাচ তো বটেই, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও খেলতে পারেননি তিনি।
মায়ামি কোচ শুক্রবার সংবাদ সম্মেলনে কিছুটা আশার খবর শোনালেন দলের সেরা তারকাকে নিয়ে। টাটা মার্টিনো বলেন, “সে এখনও দলের সঙ্গে অনুশীলন করছে না।


তবে মাঠে ফিরেছে, ট্রেনারদের সঙ্গে শারীরিক কসরত করছে। ভালোভাবেই উন্নতি হচ্ছে তার। মৌসুম শেষের আগেই সে ফিরবে।” তবে সেই দিনটি কবে বা আর কত দিন লাগতে পারে, তা নিশ্চিত করতে পারছেন না মার্টিনো। বলেন, “তার ট্রেনিংয়ে ফেরার আনুমানিক কোনো দিনক্ষণ আমি জানাতে পারবো না। তবে সেটা খুব দূরে নয়। এই চোটের কিছু অংশ আছে শারীরিক, চোটের কিছু অংশ আছে মানসিক। দুটি দিকই কাটিয়ে উঠতে হবে তাকে। সে এখন সেই প্রক্রিয়ার ভেতরই আছে।”
মার্টিনো বলেন, “সে ক্রমেই ভালো থেকে আরও ভালো অনুভব করছে। তিন-চার দিন ধরে সে মাঠের কাজ শুরু করেছে। তবে নির্দিষ্ট তারিখ আমরা বলতে পারবো না (ফেরার), কারণ আমরা জানি না। যেটা জানা নেই, সেটা নিয়ে অনুমান করা ঠিক হবে না। তবে দিনটি কাছাকাছিই আছে।”
যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মেসির দল ইন্টার মায়ামি। এই মৌসুমে সব মিলিয়ে আর ৯টি ম্যাচ বাকি আছে তাদের।