Home খেলাধুলা ডাবল সেঞ্চরি বঞ্চিত মুশফিক

ডাবল সেঞ্চরি বঞ্চিত মুশফিক

18


স্পোর্টস ডেস্ক

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের রান পাহাড়ের জবাব বাংলাদেশ দিচ্ছে দারুণভাবে। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির পর নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৩০ রান তুলেছে টাইগাররা। তবে সকালের সেশনেই সেঞ্চুরি তুলে নেওয়া মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি বঞ্চিত হলেন।

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করা পাকিস্তানের চেয়ে ৮২ রান এগিয়ে আছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৬৬ ও হাসান মাহমুদ শূন্য রানে অপরাজিত আছেন।

মুশফিক ও মিরাজের ব‍্যাটে সপ্তম উইকেটে প্রথম দেড়শ রানের জুটি দেখেছে বাংলাদেশ। দুই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের জুটিতে দেড়শ এসেছে ২৬৭ বলে। টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের আগের সেরা ছিল ১৪৫। ২০১০ সালে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে হ‍্যামিল্টন টেস্ট করেছিলেন সাকিব আল হাসান মাহমুদউল্লাহ। মুশফিককে দারুণ সঙ্গ দেওয়ার পথে নিজের সপ্তম ফিফটির দেখা পেয়েছেন মিরাজ, ১২০ বলে।

১৫৭তম ওভারের মোহাম্মদ আলির অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে স্কয়ার কাট করতে চেয়েছিলেন মুশফিক। বাড়তি বাউন্সের জন‍্য ঠিক মতো পারেননি। ব‍্যাটের কানায় লেগে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ভাঙে ১৯৬ রানের জুটি। ৩৪১ বলে ২২ চার ও ১ ছক্কায় ১৯১ রান করেন মুশফিক।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে এই প্রথম সেঞ্চুরি পেলেন মুশফিক। আজসহ টেস্ট ক্যারিয়ারে মুশফিকের মোট সেঞ্চুরির সংখ্যা ১১। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে এর চেয়ে বেশি সেঞ্চুরি কেবল মুমিনুল হকের (১২)। মুশফিক ছাড়িয়ে গেছেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালকে (১০)।

আগের দিনের ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই লিটন দাসকে ফেরান নাসিম শাহ। ভাঙে মুশফিক-লিটনের ১১৪ রানের দুর্দান্ত জুটি। ৭৮ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৫৬ রান রান আসে লিটনের ব্যাট থেকে।

এর আগে, গতকাল হাফ সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের চার ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান আসে ওপেনার সাদমান ইসলামের ব্যাটে। চারে নেমে মুমিনুল হক করেন ৫০ রান।