অনলাইন ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও তাঁর রানিংমেট টিম ওয়ালজ সংবাদমাধ্যমের ব্যাপক মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তাদের প্রচার তহবিলে লাখ লাখ ডলার জমা হচ্ছে। সব মিলিয়ে উৎফুল্ল সময় পার করছেন ডেমোক্র্যাট প্রার্থী।
অন্যদিকে, নিজের দিকে মনোযোগ ফেরাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে। এ লক্ষ্যে বৃহস্পতিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের রিসোর্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রিপাবলিকান এই প্রার্থী। তবে সেখানে তাঁকে খুব বেশি হাসিখুশি দেখা যায়নি। খবর বিবিসির।
সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন, আগামী ১০ সেপ্টেম্বর কমলার সঙ্গে তিনি একটি টিভি বিতর্কে যোগ দিতে রাজি হয়েছেন। বিতর্কের আয়োজক এবিসি নিউজ নিশ্চিত করেছে, কমলাও সেখানে অংশ নিতে সম্মতি জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বিতর্ক।
পরে আরও দুটি বিতর্ক করার আগ্রহও সাংবাদিকদের সামনে তুলে ধরেন ট্রাম্প। এর একটি আগামী ৪ সেপ্টেম্বরে ফক্স নিউজে এবং অপরটি ২৫ সেপ্টেম্বরে এনবিসিতে। তিনটি বিতর্ক করতে রাজি থাকার কথা জানিয়ে ট্রাম্প বলেছিলেন, তিনি কমলার জবাবের অপেক্ষায় আছেন। এর আগে এবিসির বিতর্কে অংশ নাও নিতে পারেন বলে আভাস দিয়েছিলেন ট্রাম্প। কারণ, ওই বিতর্ক নির্ধারিত হয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থী থাকার সময়ে। কিন্তু বাইডেন সরে গিয়ে তাঁর জায়গায় কমলা আসার পর ট্রাম্প প্রথমে তাঁকে পূর্বনির্ধারিত ওই বিতর্কের পরিবর্তে ফক্স নিউজে ৪ সেপ্টেম্বরে বিকল্প বিতর্ক করার প্রস্তাব দিয়েছিলেন।
ঘণ্টাব্যাপী চলা সংবাদ সম্মেলনে ট্রাম্প অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। সেখানে তিনি কমলাকে খোঁচা দিতেও ভোলেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে কমলার সমালোচনা করেন সাবেক এই প্রেসিডেন্ট। তাছাড়া অনুষ্ঠানের পুরো সময় পুরোনো ট্র্যাকেই ছিলেন তিনি। তিনি ভোটের সংখ্যা, মিডিয়ার পক্ষপাত, দেশের ভয়াবহ অবস্থা এবং এমনকি সমাবেশে মানুষের সংখ্যা নিয়েও কথা বলেছেন। ঐতিহাসিকভাবে, বিতর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলে ট্রাম্প দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। কমলাকে সমর্থন করা ইহুদি আমেরিকানদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের মাথা পরীক্ষা করা দরকার।’
ট্রাম্প লাইমলাইটে আসার জন্য লড়াই করতে অভ্যস্ত নন, বিশেষ করে এই নির্বাচনী চক্রে। বাইডেনের প্রচার দল ট্রাম্পকে সংবাদে আধিপত্য করার সুযোগ করে দিয়েছিল। তবে এবার তিনি বড় ধরনের ঝাঁকুনি খেয়েছেন। তারা ট্রাম্পকে প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে। বাইডেনের সরে যাওয়া এবং অপ্রত্যাশিতভাবে কমলার আগমন রিপাবলিকান প্রার্থীর জন্য বিষয়গুলোকে আরও কঠিন করে তুলেছে।
সুতরাং, ডেমোক্র্যাটদের কৌশলটি উল্টে গেছে। এই মুহূর্তে তারা দুর্দান্ত মিডিয়া কাভারেজ উপভোগ করছে। তবে ট্রাম্প মার্ক লটারের পরামর্শ অনুসরণ করে আরও ভালো করতে পারেন। ২০২০ সালের নির্বাচনে রিপাবলিকান এই কৌশলবিদ যোগাযোগের কৌশল পরিচালনা করেছিলেন। তাঁর মতে, সাবেক প্রেসিডেন্টের মনোযোগ ফিরিয়ে আনার উপায় ছিল ফোকাস থাকা। কমলা ও ওয়ালজের নীতি নিয়ে কথা বললে ট্রাম্প এ ক্ষেত্রে সফল হতে পারেন।
অনুষ্ঠানে ট্রাম্প বারবার কমলাকে ‘চরম ও উদারপন্থি’ হিসেবে বর্ণনা করেন। তিনি অর্থনীতি ও সীমান্তে তাঁর নিজের কর্মকাণ্ডও তুলে ধরেছিলেন। কিন্তু অভিযোগগুলো হালকা ও প্রমাণ ছাড়া হওয়ায় তা সেখানেই হারিয়ে যায়। ট্রাম্প মঞ্চ থেকে চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে টিভি ক্যামেরাগুলোর লেন্স ফ্লোরিডা থেকে মিশিগানে স্থানান্তরিত হয়। সেখানে কমলা ও ওয়ালজ ইউনিয়ন কর্মীদের সঙ্গে একটি বৈঠক করছিলেন। এতে আরও একবার ডেমোক্র্যাটরা সংবাদমাধ্যমের মনোযোগ আকর্ষণে এগিয়ে যায়।











































