স্টাফ রিপোর্টার।।
খুলনায় পুলিশের সঙ্গে বিক্ষোভরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অন্তত ৩৫ জনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কয়েকশো শিক্ষার্থীর একটি মিছিল নগরীর নিরালা মোড়, ময়লাপোতা মোড় হয়ে রয়েল মোড়ের দিকে যাচ্ছিল। মিছিলটি ময়লা পোতা মোড়ে পুলিশের বাধার মুখ পড়ে। সেখান থেকে পুলিশকে উপেক্ষা করে সাতরাস্তা মোড়ে বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) ভবনের সামনে এলে আবার পুলিশের বাধার মুখে পড়ে।

এরপর শিক্ষার্থীরা বিএমএ’র সামনে রাস্তায় বসে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ তাদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা দেওয়া শুরু হয়। এক পর্য
ায়ে সংঘর্ষ নগরীর শান্তি ধাম , রয়েল মোড়, মর্ডাণ ফানিচার মোড় এলাকায় ছড়িয়ে পড়ে।

এর আগে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দুপুর ১২টার দিকে নগরীর রয়েল মোড় এলাকায় শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অতিরিক্ত কড়াকড়ির ফলে শিক্ষার্থীরা রয়েল মোড়ের আশেপাশে ভিড়তে পারেননি। শিক্ষার্থী মনে হলেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সেখান থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে কেমেস্ট্রি’২০ ব্যাচের তানজীম তালহাসহ অন্তত ৩৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে খুলনার রয়েল মোড়, ময়লাপোতা মোড়সহ বিভিন্ন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে ঝামেলায় আছি পরে কথা বলব।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গতকালই আমাদের ঘোষণা দেওয়া ছিল আর কোনো ছাত্রকে আন্দোলন করতে দেওয়া হবে না। তারা আইন নিজেদের হাতে নিয়েছে। আমাদের ওপর হামলা করেছে। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।











































