নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের একটি স্লুইজ গেট বন্ধ রাখায় হাজার হাজার বিঘা জমির আমন চাষ বিঘ্নিত হচ্ছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
কৃষক দুলাল, মনির, শাজাহান, মোশারেফ, মহারাজ ও ফারুক জানান, আমরা পানির অভাবে আমনের বীজতলা তৈরি করতে পারিনি। স্লুইজ গেটটি বন্ধ রাখলে পর্যাপ্ত পানির অভাবে আমন চাষ বিঘ্নিত হবে। আমরা স্লুইজ গেটটি খুলে দিলেই প্রতিপক্ষ বিলে মাছ ধরার জন্য গেট থেকে পানি ওঠা বন্ধ করে দেয়।
তারা আরো জানান, ইউনিয়নের ৩ নম্বর, ৪ নম্বর, ৬ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডে হাজার হাজার বিঘা জমি চাষাবাদ এ স্লুইজ গেট দিয়ে ওঠা পানির ওপরই নির্ভর করে। তাই আমন চাষ করতে হলে যেকোনো মূল্যে গেট খুলে পানি ওঠার ব্যবস্থা করতে হবে।
জানা যায়, জেলা পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পেল্ডারের খাউলিয়া ইউনিয়ন অংশের পূর্ব-চিপাবারইখালীর স্লুইজ গেটটি বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন কৃষকরা।
ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম হাওলাদার জানান, পানির অভাবে বীজতলা পুড়ে যাচ্ছে। কৃষকরা এই ভরা মৌসুমে চাষাবাদ করতে পারছেন না। কৃষকরা বারবার স্লুইজ গেট খুলে দিচ্ছে। প্রতিপক্ষ আবার তা বন্ধ করে দিচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডে মোরেলগঞ্জ-শরণখোলা অংশের ৩৫/১ পোল্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম বলেন, খালের দু’পারের বাসিন্দাদের সমন্বয় করে পানি ওঠানামা করার ব্যবস্থা করতে বলা হয়েছে। কিন্তু আমার কথা কেউ শুনছে না। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
খাউলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. মাহফুজ হাওলাদার জানান, আমরা কৃষকদের দূরবস্থা দেখে রোববার (২৮ জুলাই) সকালে গেট খুলে দিয়েছি। কিন্তু পরক্ষণেই স্থানীয় মজনু হাওলাদার এসে কৃষকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং আবারো গেট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে কৃষকদের তাড়িয়ে দিয়েছে।
এ ব্যাপারে মজনু হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাছির হাওলাদার জানান, ৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা নিচু। তাই পানি উঠলে বিজতলা ডুবে যায়। তাই স্থানীয়রা গেট বন্ধ করে দেয়। তবে এলাকাবাসীকে পকেট গেট বন্ধ করে মূল গেট খুলে দিতে বলা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এখন ভরা আমন মৌসুম। তাই কৃষকদের বিজতলায় পানির প্রয়োজন। তবে স্লুইজ গেট তদারকির দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কমিটির। সেই কমিটিতেও আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নেই। তবে কৃষক যাতে পর্যাপ্ত পানি পায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।











































