সাতক্ষীরা প্রতিনিধি
‘আমার আব্বাকে কোথায় গেলে পাব। আমাকে একটিবার মারা যাওয়ার আগে মা বলে ডাকতে পারল না, কত কষ্ট পেয়ে আমার বুকের ধন এভাবে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল, একটিবার আমাকে মা বলে ডাক আসিফ বাবা।’
কোটা সংস্কার আন্দোলনে নিহত আসিফের মা শিরিন বেগমের এমন আহাজারিতে স্তব্ধ সাতক্ষীরার দেহাটার আকাশ বাতাস।
নর্দার্ন ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাতক্ষীরার দেহাটা উপজেলার আসিফ হাসানের কলেজ শেষ করে ১৮ জুলাই গ্রামের বাড়ি দেহাটায় আসার কথা ছিল মায়ের সঙ্গে দেখা করতে। এর মধ্যে ঢাকাতে কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করে সেই আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করে আসিফ। ১৮ জুলাই তিনি মাকে দেওয়া কথা অনুযায়ী বাড়িতে ফেরেন, তবে লাশ হয়ে। শুক্রবার ভোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আসিফকে।
আসিফের মা শিরিন বেগম বলেন, আমার আব্বা ছোট থেকে শান্তশিষ্ট। আব্বাকে নিষেধ করলাম। বললাম, ও আব্বা, আব্বা তুমি যেন এসব কাজে যেও না। আমার আব্বা বৃহস্পতিবার রাতে বাড়ি আসতে চেয়েছিল। কিন্তু কে বা কারা যেন তাকে রুম থেকে ডেকে নিয়ে যায় মিছিলে। তাকে বাড়ি আসতে দেয়নি। তবে আব্বা ঠিকই বাড়ি ফিরলেন ঝাঁঝরা বুক নিয়ে ঘুমন্ত অবস্থায়। এখন আব্বা ওই গাছের ছায়ায় শুয়ে আছে।
আসিফ রাজধানীর উত্তরায় কোটা আন্দোলনের সংঘর্ষে গুলিতে নিহত হন। তিনি নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
তিন কন্যা সন্তানের পর আসিফ ও রাকিব নামে যমজ দুই ছেলে সন্তান শিরিন বেগমের। যমজ ভাই রাকিবকে ফেলে চলে গেলেন আসিফ। রাকিব সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স পড়ছেন। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা বারবার মূর্ছা যাচ্ছিলেন, আর বিলাপ করে কাঁদছেন।
আসিফের মৃত্যুর খবরের পর থেকে এলাকাবাসী তার বাড়িতে ভিড় করেন। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে সংঘাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসিফ হাসান।











































