বিনোদন প্রতিবেদক।।
এক যুগেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ চলিয়েছেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। মৃত্যুর মাধ্যমে সে যুদ্ধের অবসান ঘটলো আজ। মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটে। মারা গেলেন ‘সেদিনের এক বিকেলে’-খ্যাত এই শিল্পী। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গায়কের ভাই মহিবুর রেজা জুয়েল।
বেশ কয়েকদিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন জুয়েল। তবে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জুয়েলের স্ত্রী সংবাদ পাঠিকা সংগীতা আহমেদ। সে উন্নতি নিয়ে আর ঘরে ফেরা হলো না। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকেই চির বিদায় নিলেন তিনি।
বিগত ১৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হাসান আবিদুর রেজা জুয়েল । দেশে-বিদেশে কয়েকটি হাসপাতালে চলছিল তার চিকিৎসা। ভাই মহিবুর রেজা জুয়েল জানান, মঙ্গলবার (৩০ জুলাই) গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে বাদ মাগরিব বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
জানা গেছে, ২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস ও হাড়েও সেটি ক্রমেই সংক্রমিত হয়।
মা-বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন। আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন চতুর্থ শ্রেণিতে।
১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ ঘটতে শুরু করে।
জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। এরপর একে একে প্রকাশিত হয় ‘এক বিকেলে (১৯৯৪)’, ‘আমার আছে অন্ধকার’ (১৯৯৫), ‘একটা মানুষ’ (১৯৯৬), ‘দেখা হবে না’ (১৯৯৭), ‘বেশি কিছু নয়’ (১৯৯৮), ‘বেদনা শুধুই বেদনা’ (১৯৯৯), ‘ফিরতি পথে’ (২০০৩), ‘দরজা খোলা বাড়ি’ (২০০৯) এবং ‘এমন কেন হলো’ (২০১৭)। একটি করে গান নিয়ে প্রকাশিত হয়েছে আরও দুটি অ্যালবাম ‘তাতে কি বা আসে যায়’ (২০১৬) এবং ‘এই সবুজের ধানক্ষেত’ (২০১৬)। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি।











































