Home খেলাধুলা নারী সাতারুদের নিয়ে যৌন বৈষম্যবাদী মন্তব্য, বরখাস্ত ধারাভাষ্যকার

নারী সাতারুদের নিয়ে যৌন বৈষম্যবাদী মন্তব্য, বরখাস্ত ধারাভাষ্যকার

22


স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার নারী সাতারুদের নিয়ে যৌন বৈষম্যবাদী মন্তব্য করায় অলিম্পিকের ধারাভাষ্য প্যানেল থেকে বরখাস্ত করা হয়েছে বব বালার্ড নামে এক অভিজ্ঞ ধারাভাষ্যকারকে। যৌন ইঙ্গিতপূর্ণ সেই মন্তব্যের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় ও তাকে বরখাস্তের ঘোষণা দেয় অলিম্পিকের সম্প্রচারকারী ইউরোস্পোর্ট।

এবারের অলিম্পিকে ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জেতে অস্ট্রেলিয়ার ওই সাতারু দল। লি ও’ক্যালাগান, এমা ম্যাককিওন, মেগ হ্যারিস এবং শায়না জ্যাক টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়াকে এই ইভেন্টে সোনা জেতান।

বালার্ড তাদের নিয়ে বলেছিলেন, ‘তারা শেষ করে এসেছে’। এসময় তিনি যোগ করেছেন, ‘আপনি জানেন নারীরা কেমন…মেকআপ করে চারপাশে ঘুরবে-ফিরবে।’ বালার্ড এই মন্তব্য যখন করেছেন তখন উপস্থিত দর্শকদের উদ্দেশে সাতারু দল হাত নাড়ান নিজেদের অর্জন উদযাপন করেন।

তখন বালার্ডের সঙ্গে ধারাভাষ্যে ছিলেন ব্রিটিশ সুইমিং চ্যাম্পিয়ন লিজি সিমন্ডস। সঙ্গে সঙ্গে বালার্ডের মন্তব্যকে ‘আপত্তিকর’ হিসেবে উল্লেখ করেন তিনি। যদিও সে সময় হাসিতে ফেটে পড়েন বালার্ড।

১৯৮০ সাল থেকে বালার্ড বিশ্বব্যাপী ক্রীড়া ধারাভাষ্য দিয়ে আসছেন। তিনি একাধিক অলিম্পিক গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের দায়িত্বে ছিলেন। বালার্ড ওয়াটার পোলো, আইস হকি এবং হুইলচেয়ার টেনিসসহ বিভিন্ন খেলায়ই ধারাভাষ্যের দায়িত্ব ছিলেন। তবে সাঁতার এবং ডাইভিংয়ের কভারেজের জন্যই তিনি সর্বাধিক পরিচিত।