স্টাফ রিপোর্টার।।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত, সরকারি স্থাপনা ও গাড়িতে অগ্নিসংযোগের কারণে গত শনি ও রোববার সড়কে বর্জ্যবাহী গাড়ি বের করেনি খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এতেই বর্জ্যের জট তৈরি হয়েছে নগরীর বিভিন্ন ওয়ার্ডে। বিশেষ করে বিভিন্ন ওয়ার্ডের বর্জ্যবাহী কনটেইনারগুলো পরিষ্কার করা হয়নি। ফলে তীব্র দুর্গন্ধে দুর্ভোগে রয়েছেন বিভিন্ন এলাকার মানুষ।
কেসিসির কর্মকর্তারা জানান, সোমবার থেকে প্রধান সড়কের পাশ থেকে বর্জ্য অপসারণ করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে কনটেইনারবাহী গাড়ি নামানো হয়েছে।
জানা গেছে, ৪৫ বর্গকিলোমিটারের খুলনা মহানগরীতে প্রতিদিন ১ হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রতিদিন ৮০০ টন বর্জ্য অপসারণ করে সিটি করপোরেশন। বাকি বর্জ্য ড্রেন ও খালে পড়ে। নগরীর ৩১টি ওয়ার্ডে কেসিসির ৮১টি কনটেইনার রয়েছে। ওয়ার্ডের কিছু মানুষ কনটেইনারে বর্জ্য ফেলেন। কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা কিছু এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) রাখে। বাকিরা সড়কের পাশে রাখে। পরবর্তী সময়ে বর্জ্যবাহী গাড়ি এসব সংগ্রহ করে রাজবাঁধ ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যায়।
সিটি করপোরেশনের ৮১টি কনটেইনারের বর্জ্য পরিবহনের জন্য কনটেইনারবাহী গাড়ি রয়েছে সাতটি। ট্রাকসহ বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে আরও ৬৭টি। প্রতিদিন ৮৫০ জন শ্রমিক ও ৭৪টি গাড়ির মাধ্যমে নগরীর বর্জ্য অপসারণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কারফিউর প্রথম দিনে ঢাকা সিটি করপোরেশনের বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে শনি ও রোববার কেসিসির অধিকাংশ গাড়ি নামানো হয়নি। শনিবার সাতটি এবং রোববার ১৯টি গাড়িতে বর্জ্য পরিবহন করা হয়। ওই দু’দিন সম্পূর্ণ বর্জ্য অপসারণ না করায় নগরজুড়ে দেখা দেয় বর্জ্যের জট। সোমবার থেকে প্রধান সড়কের পাশ থেকে বর্জ্য অপসারণের কাজ পুরোদমে শুরু হয়। কিন্তু কনটেইনারবাহী সাতটি গাড়ি নামানো হয় গতকাল মঙ্গলবার। যে কারণে ওয়ার্ডে ওয়ার্ডে কনটেইনারের জট তৈরি হয়েছে।
কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কারফিউর শুরুতে কিছুটা ধীরগতি ছিল। এখন বর্জ্য অপসারণের কাজ পুরোদমে চলছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনটেইনারগুলো খালি করাসহ সব বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।











































