ঢাকা অফিস।।
বাংলাদেশে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় সাময়িক ভিসা বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) এ তথ্য জানায় সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, দেশে কোটাবিরোধী আন্দোলন সমর্থন করে শুক্রবার (১৯ জুলাই) আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় বিক্ষোভকারীরা দাঙ্গা তৈরি করার চেষ্টা করেন। আরব আমিরাতে বিক্ষোভ করা নিয়মবহির্ভূত। এই নিয়ম ভঙ্গ করার কারণে দেশটি ভিসা বন্ধ করে দিয়েছে। তবে কত দিনের জন্য এ ভিসা বন্ধ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে উল্লেখ করে সূত্রটি বলছে, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে।
গত সোমবার আরব আমিরাতের গণমাধ্যমের বরাতে এএফপি জানায়, আরব আমিরাতে বিক্ষোভের দায়ে ৫৭ প্রবাসী বাংলাদেশির কারাদণ্ড হয়েছে। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।











































