Home Uncategorized কোটি টাকা আত্মসাতের অভিযোগ লিডার্সের পরিচালকের বিরুদ্ধে

কোটি টাকা আত্মসাতের অভিযোগ লিডার্সের পরিচালকের বিরুদ্ধে

59


নিজস্ব প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলার মুন্সীগঞ্জে অবস্থিত নাম করা প্রতিষ্ঠান ‘লিডার্স’ এর পরিচালক মোহন কুমার মন্ডলের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

সামান্য দিনমজুর, অভাবের সঙ্গে লড়াই করে উপকূলে বেড়ে ওঠা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগণের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে কাজ করতে মোহন কুমার মন্ডল ১৯৯৬ সালের পর একটি একটি এনজিওতে চাকরি করতেন।

ধীরে ধীরে এনজিওর সব কার্যক্রম বুঝে ২০০৭ সালে সরকারি বিধি মোতাবেক ‘লিডার্স’’ নামে একটি এনজিওর রেজিস্ট্রেশন করেন মোহন।

২০০৯ সালের আয়লায় বিভিন্ন কার্যক্রমের পর থেকে এনজিওটি ব্যাপকভাবে সুনাম অর্জন করে। ‘লিডার্স’ বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিহীন, প্রান্তিক কৃষক, শ্রমিক ও নারী প্রধান পরিবার, শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করে।


কিন্তু বর্তমানে এই সুনাম অর্জনকারী ‘লিডার্স’ এর পরিচালকের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে এ অর্থ আত্মসাতের অভিযোগের ওপর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলবাসীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন উপকূলকেন্দ্রিক লোকাল অ্যানভায়রনমেন্ট অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ সোসাইটি ‘লিডার্স’ নামক এনজিওর স্বঘোষিত পরিচালক মোহন কুমার মন্ডল।

এনজিও বিষয়ক ব্যুরো অফিস এবং অনুসন্ধানে জানা গেছে, উপকূলবাসীর দুঃখ-দুর্দশাকে বিক্রি করে রীতিমতো বিদেশি বিভিন্ন দাতব্য সংস্থাকে ভেলকিবাজি দেখিয়ে এ অর্থ আত্মসাৎ করছেন তিনি।

মোহন তার এনজিও লিডার্সের মাধ্যমে বিদেশি দাতব্য সংস্থা- ব্রিড ফর দ্য ওয়ার্ল্ড, সুইচ কনটাক্ট, অক্সফার্ম, ওয়াটার কিপার বাংলাদেশ, পিটারসন কন্ট্রোল ইউনিয়ন, জাহেদ সাসটেইনেবিলিটি প্রাইজ-২০২০ দুবাইসহ আরও বিভিন্ন সংস্থা থেকে উপকূলবাসীর সমস্যা সমাধানের নাম ভাঙিয়ে গত ৫ বছরে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়েছেন।

বিপরীতে লোক দেখানো কিছু স্থাপনা, অকেজো যন্ত্রপাতি বসিয়ে নামে মাত্র অর্থ খরচ করেছেন। আর সেসব অর্থের ছিঁটেফোটাও কাজে আসেনি উপকূলীয় বাসিন্দাদের জন্য।
সরেজমিনে গিয়ে পানখালি গ্রামে খোঁজ নিলে আনিছুর রহমানসহ স্থানীয়রা জানান, লিডার্সের পরিচালক মোহন সবচেয়ে বড় ভেলকিবাজি করেছেন উপকূলবাসীর জন্য তৈরিকৃত বিশুদ্ধ পানির প্লান্টের নামে। বিভিন্ন বিদেশি সংস্থা থেকে অন্তত ১৫ কোটি টাকা বরাদ্দ পেলেও কেবল মুন্সীগঞ্জ ইউনিয়নের আইটপাড়ার হরিনগর রোড, গ্যারেজ বাজারের ফুলতলা এলাকা ও মুন্সীগঞ্জ বাজার সংলগ্ন ধানখালী এলাকায় ৩টি নামে মাত্র পানির প্ল্যান্ট স্থাপন করেছেন।

একটি প্ল্যান্ট থেকেও বিশুদ্ধ পানির দেখা পায়নি এলাকাবাসীরা। উদ্বোধনের পর থেকেই বিকল হয়ে পড়ে আছে প্ল্যান্টগুলো। একটি পানির প্ল্যান্ট ভবনের মধ্যে পানি সরবরাহের বদলে এক নারীকে সেলাই মেশিন ব্যবহার করতে দেখা গেছে।

মোহনের অভিনব প্রতারণার তথ্যে যখন কোনো সরকারি বা বিদেশি সংস্থার প্রতিনিধি দল লিডার্স এনজিওর বিভিন্ন প্রজেক্ট পরিদর্শনে আসেন, তখন মোহন বাইরে থেকে পানি এনে অকেজো প্ল্যান্টের ট্যাংকি ভর্তি করে স্থানীয় দরিদ্র পরিবারগুলোকে তাৎক্ষণিক কিছু নগদ অর্থ দিয়ে তার প্ল্যান থেকে পানি সংগ্রহ করতে আসার নাটক করেন। করেন নাটকীয় ফটোসেশন। আর এসব ছবি দেখিয়ে পরবর্তীতে আরও বড় ডোনেশন হাতিয়ে নেন তিনি।

মোহনের প্রতারণার আরেক কৌশল নেভাল অ্যাম্বুলেন্স। মূলত বিদেশি সংস্থার মোটা টাকার অর্থায়নে ক্রয়কৃত নেভাল অ্যাম্বুলেন্স স্পিডবোটটি উপকূলের দুর্গম বা চর এলাকায় অসুস্থ হয়ে পড়া রোগী পরিবহনে ব্যবহার হওয়ার কথা থাকলেও সেটিতে কখনো রোগী পরিবহন করতে দেখেননি কেউ। উল্টো স্পিডবোট অ্যাম্বুলেন্সটিতে করে সুন্দরবনে আনন্দ ভ্রমণ করতে দেখা গেছে মোহনের লিডার্স এনজিওতে কর্মরত স্টাফ ও পর্যটকদের।

একইভাবে বাঘবিধবাদের নিয়ে বিদেশ থেকে অর্থ নিয়ে কাজ করলেও সেগুলো ঠিকমতো বণ্টন করেননি এমন অভিযোগ করেছেন গাবুরা ইউনিয়নের বাঘবিধবা স্বরবানু খাতুন।

মুন্সীগঞ্জ গ্রামের শহীদুল ও আহম্মাদ জানান, উপকূলীয় মানুষদের নাম ভাঙিয়ে কারবার চালানো মোহনের লিডার্স এনজিওর বেশ কয়েকটি অফিস ভবন আদৌতে উপকূলবাসীর কোনো কাজেই লাগছে না। সাপ্তাহিক বা মাসিক মিটিংয়ে উপস্থিত এলাকাবাসীর জন্য যে পরিমাণ বাজেট থাকে তার ১০০ ভাগের ২০ ভাগও খরচ করা হয় না। কিন্তু ভুয়া ভাউচার বানিয়ে ঠিকই আত্মসাৎ করা হচ্ছে বিদেশি দাতব্য সংস্থার অর্থ।

আর এভাবেই মাত্র ১৪ বছরে উপকূলবাসীর দুঃখ বিক্রি করে খাওয়া মোহন কোটি কোটি টাকার মালিক বনে গেলেও লিডার্সের মাধ্যমে ভাগ্য বদলায়নি কোনো উপকূলবাসীর।

অন্যদিকে এনজিও ব্যুরোর উপসচিব ও প্রশাসন শাখার উপপরিচালক মো. মনির হোসেন কর্তৃক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনো কোনো সংস্থা থেকে মোট কত টাকা ডোনেশন পেয়েছে লিডার্স, তার তথ্য দাখিলের নির্দেশ দেওয়া হয় লিডার্সের নির্বাহী পরিচালক মোহনকে। কিন্তু এ প্রজ্ঞাপন জারির প্রায় ১ মাস পার হয়ে গেলেও কোনো সদুত্তর দিতে পারেননি মোহন।

এ বিষয়ে মোহন কুমার মন্ডল বলেন, সব পানির প্ল্যান্ট সচল রয়েছে। সেখানে কেয়ারটেকারও রয়েছে। নেভাল অ্যাম্বুলেন্স শুধু সুন্দরবনে বাঘ বা কুমিরের আক্রমণে শিকার হয় তাদের জন্য। বনবিভাগ আমাদের অবগত করলে আমরা সেখানে যাই। বাঘ বিধবাদের নিয়ে আলাদা কোনো প্রজেক্ট হয়নি, তবে তাদের অনেক কিছু দিয়েছি।

অর্থ আত্মসাতের বিষয়ে তিনি বলেন, আমি প্রতিষ্ঠান পরিচালক হিসেবে আমারও একটা বেতন থাকতে পারে। সেই টাকা জমিয়ে আমি জমি বা ফ্ল্যাট কিনতে পারি।

সুন্দরবনের গাঁ ঘেষে উপকূলীয় এলাকার বাসিন্দারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত প্রতিকূল পরিস্থিতির কারণে বছরের পর বছর ধরে বিশুদ্ধ খাবার, পানির অভাব, আশ্রয় কেন্দ্রের অভাব, দুর্গম উপকূলীয় এলাকায় রোগী পরিবহনে চরম প্রতিকূলতাসহ আরও নানাবিধ সমস্যায় জর্জরিত। যেখানে উপকূলীয় এলাকার জনগণের স্বার্থে প্রকৃত কাজ করা বিভিন্ন স্বনামধন্য এনজিওগুলো অর্থ ও ডোনেশন সংকটে ধুঁকছে। সেখানে লিডার্সের আড়ালে মোহনের এমন কোটি কোটি টাকা হাতানোর ঘটনাকে উপকূলবাসী ও বিদেশি দাতব্য সংস্থাগুলোর সঙ্গে ভয়াবহ প্রতারণা হিসেবেই দেখা হচ্ছে।