স্টাফ রিপোর্টার।।
চার বছর বয়সের বিশালাকৃতির গরু। অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের গরুটির ওজন প্রায় ৪০ মণ। মালিক এর নাম দিয়েছেন ‘নুন্টু’। নুন্টুকে লালন-পালন করে বড় করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মিকশিমিল গ্রামের স্কুল শিক্ষক মোজাহার আলী-রুমিচা বেগম দম্পতি। গরুটির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা।
গরুটির মালিক মোজাহার আলী বলেন, ‘২০১৯ সালে এই গরুটির মাকে কিনেছিলাম। আমার ছেলে-মেয়েরা গরুটির মাকে ঘন্টু বলে ডাকতো। এক বছর পর একটি বাছুর জন্ম দেয়। আদর করে ছেলে-মেয়েরা নাম রাখে ‘নুন্টু’। এরপর আরও দুটি বাছুর হয়েছিল, একটির নাম ঝন্টু ও আরেকটির নাম মন্টু ছিল। সেই দুটি গরু বিক্রি করে দিয়েছি। ছোটবেলায় যত্ন করে নুন্টু বলে ডাকতে ডাকতে এখন নুন্টু বললেই গরুটি ডাক শোনে, সাড়া দেয়। প্রায় ৪০ মণ ওজনের নুন্টুকে দেখতে বাড়িতে লোকজন আসতো। আমার জানা মতে খুলনায় এত বড় গরু আর নেই।’
তিনি জানান, ‘৪ বছর ১ মাস বয়সী গরু নুন্টুর উচ্চতা সাড়ে ৫ ফুট, দৈর্ঘ্য সাড়ে ১০ ফুট আর ওজন প্রায় ১ হাজার ৬০০ কেজি বা ৪০ মণ। তবে খুলনায় এতো বড় গরুর ক্রেতা পাচ্ছেন না। এ জন্য গরুটিকে বৃহস্পতিবার রাতে রাজধানীর গাবতলী কুরবানির পশুর হাটে নিয়ে গেছেন। সেখানে ন্যায্য মূল্য মিলবে বলে তার প্রত্যাশা।’
মোজাহার আলী বলেন, ‘নুন্টুকে লালন-পালনে গত ৪ বছরে আমার ৭ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। গরুটিকে দানাদার খাবার, গমের ভুসি, ভুট্টার আটা, সয়াবিন খৈল, দেশি কুড়ো ছাড়াও নেপোলিয়ন ঘাস ও খড় খাওয়ানো হয়।’
মোজাহার আলীর স্ত্রী রুমিচা বেগম বলেন, ‘গরুটি আমাদের খুবই আদরের। আমরা যা খাই তার মধ্যে ওর ভাগ দিতে হয়। গরুটিকে কোনো কৃত্রিম খাবার বা মোটাতাজাকরণ ইনজেকশন দেয়া হয়নি। দেশীয় খাবার দিয়ে বড় করা হয়েছে। গরুটি চা, বিস্কুট, পান ও কোমল পানীয় খায়। আম খেয়ে আঁটি ফেলে দেয়। শুধু আম নয়, খেজুর, জামরুল, পেয়ারাসহ এমন কোনো ফল নেই যা গরুটি খায় না।’
নুন্টুকে বিক্রির কথা বলতেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এখন মনে হচ্ছে আমার তিনটি সন্তান নয়, চারটি সন্তান। যার একটি নুন্টু। আমি যদি বলি যে ঘুমিয়ে পড়ো বা শুয়ে পড়ো, গরুটি শুয়ে পড়ে। যা বলি সঙ্গে সঙ্গে করে।’
মোজাহার আলীর ছোট মেয়ে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাবেয়া সুলতানা তিথি বলেন, ‘নুন্টু আমাদের পরিবারের সদস্যের মতোই। আমরা ওকে অনেক ভালোবাসি, এজন্য কুরবানির উদ্দেশ্যে ওকে বিক্রি করবো।’











































