Home আলোচিত সংবাদ সরকারি জমিতে নিজ হাতে গড়া ভিক্ষুকের ‘রাজমহল’

সরকারি জমিতে নিজ হাতে গড়া ভিক্ষুকের ‘রাজমহল’

89


 চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

দোতলা ঘরে শুয়ে থাকবেন- এমন ছিল স্বপ্ন। জমি নেই, ঘরও নেই, ভিক্ষা করে চলে সংসার। এমন সর্বহারা মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রহমত আলী ওরফে নমেন আলী। কিন্তু এর কোনোটিই তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

কুড়িয়ে আনা ইট, সারাদিন মানুষের কাছে হাত পেতে আনা টাকা জমিয়ে কেনা সিমেন্ট, সন্ধ্যায় তা মিশিয়ে নিজ হাতে গড়ার কাজ। ২০ বছর ধরে একটু একটু করে শ্রম দিয়েছেন। এরই মধ্যে স্ত্রী মারা গেছেন। ছেলে বড় হয়ে দিনমজুরি করে আলাদা সংসার পেতেছে। কিন্তু এসবে দমে যাননি ভিক্ষুক রহমত ওর‌ফে ন‌মে পাগল। পূরণ করেছেন স্বপ্ন।

ভিক্ষুক ন‌মেন আলী জানান, ৩০ বছর ধরে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দামুড়হুদা উপজেলার ডুগডুগি ইউনিয়ন পরিষদ ও পশুহাটের অদূরে সড়ক বিভাগের জমির ওপর একটি ঝুপড়ি ঘরে বাস করতেন। ঝড়-বৃষ্টিতে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হতো। এমন অবস্থায় ২০০০ সাল থে‌কে কু‌ড়ি‌য়ে আনা ভাঙা ইট দি‌য়ে সেখানে নিজের হাতে তৈরি ক‌রতে থা‌কেন থাকার মতো ছোট একটি পাকাঘর।

তখন থেকে তার পরিকল্পনা, ঐ ঘরের ওপরে আরো একটি ঘর বানানোর। সেই সময় থেকে সারাদিনের ভিক্ষাবৃত্তির অর্থ দিয়ে কিছু কিছু ইট, সিমেন্ট ও বালু কিনতেন। আর প্রতিদিন বিকেলে একটু একটু করে গাঁথুনির কাজ করতেন। দীর্ঘ ২০ বছর পর এখন নিচতলায় দুটি কক্ষ ও ওপরে এক কক্ষের ঘর তৈরি হয়েছে। নিচে দুটি ঘরের একটিতে থাকেন তিনি। থাকার ঘরের মেঝে ও দেয়ালে টাইলস বসানো, পরিপাটি। পাশের ঘ‌রে ও ওপরের ঘরগুলোতে রয়েছে মুর‌গি।

হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন বলেন, দোতলা ঘরে বসবাস করার স্বপ্ন ছিল তার। তার সেই স্বপ্নপূরণ হয়েছে। বিভিন্ন সময় সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ঐ স্থানে এসে অভিযান থেমে যায়।

অভিযানের সময় তিনি ঘরের দোতালার ওপরে ওঠে বসে থাকতেন। তাকে কোনোভাবেই নামানো যেত না। তখন সকলের অনুরোধে ভিক্ষুকের ঐ মহল উচ্ছেদ থেকে রক্ষা পায়। এমনই অবস্থায় দাঁড়িয়ে আছে ভিক্ষুক রহমত আলী ওরফে নমেন পাগ‌লের দোতালা রাজমহল।