স্টাফ রিপোর্টার
‘সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর প্রথম দিনটা ভয়ংকর ছিল। তবুও সাহস হারাইনি।’ জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ কথা বলেন।
তিনি বলেন, সুস্থভাবে ফিরে আসতে পারবেন ভাবতে পারেননি। এত তাড়াতাড়ি আসতে পারায় সরকার ও তাদের কোম্পানিকে ধন্যবাদ জানান তিনি।
বুধবার (১৫ মে) সকাল ১০টার দিকে খুলনা মহানগরীর ছোট বয়রার করীমনগর এলাকার নিজ বাড়িতে ফিরে আসার পর এ অনুভূতির কথা জানান তৌফিকুল ইসলাম। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে খুলনার বাসায় ফেরেন তিনি।
তৌফিকুল ইসলাম বাড়িতে আসার পর ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। দুই মাসেরও বেশি সময় পর স্বজনরা তৌফিকুল ইসলামকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ খুশিতে কাঁদতে থাকেন।
ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামের বাবা ইকবাল হোসেন, মা বিল আফরোজ, স্ত্রী জোবায়দা নোমান, দুই সন্তান তাসফিয়া তাহসিনা (৭) ও আহমেদ রুসাফি (৫) তাকে ফিরে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন।
তৌফিকুল ইসলামের মেয়ে তাসফিয়া তাহসিনা ও ছেলে আহমেদ রুসাফি কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকে ‘বাবা তোমাকে আর কোথাও যেতে দেব না’।
ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামের বাবা ইকবাল হোসেন বলেন, তাদের পরিবারে এখন ঈদের আনন্দ বিরাজ করছে। সবাই খুশি।
ভারত মহাসাগরে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এবং ২৩ নাবিক ও ক্রু সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন খুলনার তৌফিকুল ইসলাম। তিনি জিম্মি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র সেকেন্ড ইঞ্জিনিয়ার।
জিম্মি হওয়ার পর ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম মা দিল আফরোজকে মোবাইল ফোনে বলেন, ‘আম্মা আমি ভালো আছি, চিন্তা কর না।’
সোমালিয়ায় জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক মঙ্গলবার (১৪ মে) বিকেল পৌনে ৪টার দিকে দেশের মাটিতে পা রাখেন।
মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ জাহাজ জিম্মি করে। এক মাসেরও বেশি সময় পর ১৪ এপ্রিল মুক্তিপণ দিয়ে জাহাজটি জলদস্যুমুক্ত হয়।











































