অনলাইন ডেস্ক
মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজ করতে যাওয়ার অনুমতি দেওয়া স্থগিত রেখেছে জান্তা সরকার। দেশটিতে নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করে গত ফেব্রুয়ারিতে আইন জারি করা হয়। এর পরই এমন পদক্ষেপ নেওয়া হলো। এ আইন কার্যকর হওয়ার পর অনেকে দেশ ছাড়তে চাচ্ছেন। খবর বিবিসির।
বৃহস্পতিবার জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, যাদের জন্য সেনা প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক, তাদের বিদেশে কাজে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনপত্র গ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিয়ানমারের অনেক মানুষ কাজ করেন। আগে সরকার থেকে নাগরিকদের বিদেশে কাজ করতে যেতে কোনো বাধা দেওয়া হতো না। সেনা প্রশিক্ষণ নিয়ে আইন জারির পর প্রায় ১ লাখ পুরুষ বিদেশে কাজ করতে যাওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছেন, যা অন্যান্য সময়ের তুলনায় বেশি।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, আইনটি কার্যকরের পর ইয়াঙ্গুনে বিভিন্ন দূতাবাসের সামনে হাজারো মানুষের ভিড় জমে যায়। কেউ কেউ আবার আইনটি থেকে বাঁচতে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে পালিয়ে যান। আইন অনুসারে, দেশটির ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী সব নারীকে কমপক্ষে দুই বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে।











































