স্পোর্টস ডেস্ক
রেলিগেশনের দ্বারপ্রান্তে থাকা নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকলো ম্যানচেস্টার সিটি। লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের থেকে এখন তাদের পয়েন্টের ব্যবধান মাত্র এক।
মিকেল আর্তেতার আর্সেনাল টটেনহ্যাম হটস্পারকে আগের ম্যাচে ৩-২ গোলে পরাজিত করে অল্প সময়ের জন্য এই ব্যবধান চারে নিয়ে গিয়েছিল। এদিকে ইপিএলে টানা চতুর্থবারের মত শিরোপা জয়ের স্বপ্নে বিভোর সিটির হয়ে গোল করেছেন জাসকো গাভারদিওল ও আর্লিং হালান্ড।
সিটি ম্যানেজার পেপ গার্দিওলা ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বলেন, ‘এটা কঠিন একটি ম্যাচ ছিল। ফরেস্ট অনেক সাহসী ম্যাচ খেলেছে। তাদের খেলোয়াড়রা অত্যন্ত দ্রুত গতির এবং মান সম্পন্ন। এবারের লিগে যে কয়টি ভাল জয় আমরা পেয়েছি এটা তার মধ্যে অন্যতম।
তাদের ১০ জনের বিপক্ষে আমরা গোল আদায় করেছি (সিটির প্রথম গোলের সময় ফরেস্টের ওয়েলস ডিফেন্ডার নেকো উইলিয়ামস চিকিৎসা গ্রহণ করতে মাঠের বাইরে গিয়েছিলেন)। এখন পুরো এক সপ্তাহ আমরা রিকভারের জন্য সময় পাচ্ছি।’
টেবিলের ১৭তম স্থানে থাকা ফরেস্ট রেলিগেশন থেকে রক্ষা পেতে লড়াই চালিয়ে যাচ্ছে। কাল ক্রিস উড দুটি সুবর্ণ সুযোগ নষ্ট না করলে ম্যাচের ভাগ্য পরিবর্তিত হতে পারতো।
মৌসুম শেষ হতে আর মাত্র চার ম্যাচ বাকি। সিটি এখনো লিগ শিরোপা জয়ে ফেবারিট হিসেবেই মাঠে নামছে। তৃতীয় স্থানে থাকা লিভারপুল সিটির তুলনায় চার পয়েন্ট পিছিয়ে রয়েছে। এক ম্যাচ বেশি খেলায় লিগ শিরোপার দৌড় থেকে কার্যত ছিটকে গেছে রেডসরা।
গত মাসে প্রিমিয়ার লিগের ফিনান্সিয়াল আইন ভঙ্গের দায়ে ফরেস্টের চার পয়েন্ট কর্তন করা হয়েছে। রেলিগেশন জোন থেকে তারা মাত্র এক পয়েন্ট দূরে রয়েছে, হাতে রয়েছে আর তিন ম্যাচ।
ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনের কর্ণার থেকে গাভারডিওলের শক্তিশালী হেডে লিড নেয় সিটি। পিছিয়ে পড়েও অবশ্য থেমে থাকেনি ফরেস্ট। সফরকারীদের উপর চাপ সৃষ্টি করতে থাকে।
বিরতির পর দুটি পরিবর্তন করেন গার্দিওলা। কাঁধের সমস্যার কারণে গোলবারে এডারসনের জায়গায় স্টিফান ওরতেগা ও জেরেমি ডকুর জায়গায় মাতেও কোভাচিচকে মাঠে নামানো হয়।
কিছু সময়ের জন্য ফরেস্ট ম্যাচের নিয়ন্ত্রন হারালেও এন্টনি এলানগার পাসে উড আবারো গোলের সুযোগ হাতছাড়া করেন। দ্বিতীয়ার্ধে সিটি ব্যবধান বাড়ানোর জন্য আরো বেশি আগ্রাসী হয়ে উঠে।
সাম্প্রতিক সময়ে কিছুটা ফর্মহীনতায় ভুগতে থাকা হালান্ড ৬২ মিনিটে জ্যাক গ্রিলিশের স্থানে মাঠে নামেন। ৭১ মিনিটে তিনি সিটির ব্যবধান দ্বিগুন করেন। ডি ব্রুইনার থ্রু বল থেকে তিনি প্রিমিয়ার লিগ মৌসুমের ২১তম গোল করে সিটিকে জয় উপহার দেন।










































