নিজস্ব প্রতিনিধি
বিচ্ছেদের পর প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সাবেক স্ত্রীকে হত্যা করেছে এক যুবক। বুধবার (২৪ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার মঠবাড়ী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তকে আটক করে পুলিশ।
নিহত খাদিজা খাতুন ওরফে মিতু কর্মকার সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া কৃষ্ণনগর গ্রামের আজগর আলী সরদারের মেয়ে। বিয়ের পর নাম রাখেন মিতু কর্মকার। আটক মৃন্ময় ভদ্র যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের মদন কুমার ভদ্রের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দামোদরকাঠি গ্রামে বসবাস করেন।
হত্যার রহস্য উদঘাটন করে নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিংকালে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রূপণ কুমার সরকার জানান, খাজিদার জীবনযাপন ছিল উচ্ছৃঙ্খল। সে নিয়মিত মাদকসেবন করে। তার নামে দুটি মাদক মামলা রয়েছে। খাদিজা বছর দুয়েক আগে একটি হিন্দুধর্মের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর সে মিতু কর্মকার নাম ধারণ করে ওই ছেলেকে বিয়েও করে। কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।
এরপর সাতক্ষীরাতে একটি নাচের অনুষ্ঠানে পরিচয় ঘটে চান্দুটিয়া গ্রামের মৃন্ময় ভন্দ্রের সঙ্গে। দীর্ঘ প্রেমের পর তারা বিয়ে করেন। বছরখানিক আগে মিতু ও মৃন্ময়ের বিচ্ছেদ হয়ে যায়। তারপরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। বিবাহবন্ধনে আবদ্ধ থাকাকালীন মিতু ও মৃন্ময়ের মধ্যে অন্তরঙ্গ ছবি ও ভিডিও নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো মিতু। এছাড়া নানা সময়ে প্রতারিত হয়ে মৃন্ময় মঙ্গলবার সাতক্ষীরা থেকে মিতুকে নিয়ে যশোরের বুকভরা বাঁওড়ে নিয়ে যায়। সেখানে মিতুকে মাদকসেবন করিয়ে রাত ১১টার দিকে শ্বাসরোধে হত্যা করে একটি ধান ক্ষেতে লাশ ফেলে পালিয়ে যান।
পরে পুলিশ মরদেহের পাশে পড়ে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে মৃন্ময়কে তার এক চাচার বাড়ি থেকে আটক করে। এই ঘটনায় মামলা হয়েছে।











































