স্টাফ রিপোর্টার।।
খুলনার ফুলতলা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ফুলতলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেনসহ ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।
খুলনার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ জানান, চেয়ারম্যান প্রার্থী শেখ আকরাম হোসেন আফিল জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক। ওই মিলটি জনতা ব্যাংক খুলনা কর্পোরেট শাখার ১৫৬ কোটি টাকার ঋণ খেলাপী।
তিনি জানান, গত সোমবার ব্যাংক থেকে চিঠি দিয়ে বিষয়টি তাদেরকে জানানো হয়। সে কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ঋণ খেলাপী থাকায় তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল মিনা’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, যাচাই বাছাইতে মোট ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন।











































