আন্তর্জাতিক ডেস্ক।।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মূল লড়াই হবে বর্তমান প্রেসিডন্ট জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তবে তারা ছাড়াও অন্যান্য প্রার্থী প্রেসিডেন্ট পদে লড়াই করতে পারবেন। আর সেই তালিকায় নাম লিখিয়েছেন দেশটির এক হাইস্কুলের গণিত শিক্ষক।
মজার ব্যাপার হচ্ছে সেই শিক্ষক নির্বাচনে দাঁড়ানোর জন্য নিজের নাম পরিবর্তন করেছেন। নাম রেখেছেন ‘লিটারেলি এনিবডি এলস’ যার অর্থ ‘আক্ষরিকভাবে যে কেউ’।
৩৫ বছর বয়সী ওই শিক্ষক যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। ইতিমধ্যে নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন তিনি। স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমার নাম আক্ষরিক অর্থে যে কেউ এবং আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছি।’
মার্কিন সংবাদমাধ্যম জানায়, ওই শিক্ষকের নাম ছিল ডাস্টিন এবে। মূলত মার্কিন নির্বাচন ব্যবস্থার প্রতিবাদ জানিয়ে তিনি এই কাজ করছেন। মার্কিন ইতিহাসে গত ১৫০ বছরে সবসময়ই ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীরাই প্রেসিডেন্ট হয়েছেন।
ডাস্টিন বলেন, ‘আমাদের কোনো সংবাদমাধ্যমই বলছে না যে অনেক হয়েছে, আমরা ক্লান্ত, আমাদের নতুন কিছু প্রয়োজন। ৩০ কোটি মানুষের এই দেশে আমরা ভালো কিছু করতে পারি।’
তিনি দাবি করেন, ‘দুই প্রার্থীর মধ্যে যে কম খারাপ তাকে আমরা বেছে নিচ্ছি। আমরা আসলে সমর্থন করছি না। মানুষের সামনে আরও অপশন থাকা উচিত।‘
ইতিমধ্যে নির্বাচনি প্রচার শুরু করেছেন ডাস্টিন। সবার মাঝে টিশার্ট বিতরণ করছেন যেখানে লেখা `লিটারেলি এনিবাডি এলস ২০২৪‘। প্রার্থিতার জন্য তার ১ লাখ ১৩ হাজার ভোট প্রয়োজন।
ডাস্টিন বলেন, ‘আমাকে পাগল ভাববেন না। আমি জানি কাজটা কঠিন। কিন্তু অসম্ভব নয়।’











































