Home আঞ্চলিক যশোরে সাংবাদিকের ওপর হামলায় দুই পুলিশ সদস্য ক্লোজড

যশোরে সাংবাদিকের ওপর হামলায় দুই পুলিশ সদস্য ক্লোজড

37

যশোর অফিস
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহকালে সময় টিভির প্রতিবেদক, প্রেস ক্লাব যশোরের সাবেক যুগ্ম-সম্পাদক জুয়েল মৃধা ও চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের দুই সদস্য ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালান। বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক নেতারা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পুলিশ কর্মকর্তারা তাদের দুই সদস্যকে ক্লোজড করে নিয়ে যান এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সময় টিভির যশোরের স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা জানান, বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি নাগরিকের ছবি সংগ্রহ করতে হাসপাতালে যান। এ সময় আহত ওই দুই ব্যক্তির ছবি নিতে গেলে পুলিশ সদস্য হাফিজ ও রবিউল তাতে বাধা দেন। এমনকি চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদকে গলা টিপে দেওয়ালে ঠেসে ধরেন। ঠেকাতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়। এ সময় দুই পুলিশ সদস্য সাংবাদিকদের গ্রেফতারেরও হুমকি দেন।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান বলেন, পুলিশের এ কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। তিনি সাংবাদিক লাঞ্ছনাকারী দুই পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি দুঃখজনক। ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই দুই পুলিশ সদস্যকে ক্লোজ করেছে।