স্টাফ রিপোর্টার।।
নানা কৌশলে সরকারি হাসপাতাল থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম চুরি হয় এটা এখন ওপেন সিক্রেট। বিভিন্ন সময় ওষুধ ও সরঞ্জাম উদ্ধার হলেও মূলহোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। তবে এবার খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সরঞ্জামসহ হাতেনাতে আটক হলেন এক ওষুধ ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে দুটি স্কুল ব্যাগ ভর্তি চিকিৎসা সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় সুমন নামের ওই ওষুধ ব্যবসায়ীকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তারা দেখতে পান এক ব্যক্তি নার্সদের কাছ থেকে দুই-তিনটি ব্যাগে করে কিছু একটা নিয়ে যাচ্ছে। হাসপাতালের এক আউটসোর্সিং কর্মী ও এক অ্যাম্বুলেন্স চালক তাকে দৌড়ে গিয়ে হাতেনাতে আটক করে। এ সময় তার ব্যাগ থেকে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করা হয়।
নূরজাহান নামের ওই আউটসোর্সিং কর্মী জানান, তিনি প্রায় সময় দেখেন, লোকটি নার্সদের কাছ থেকে দুই-তিনটি স্কুল ব্যাগ ভর্তি রোগীদের চিকিৎসা সরঞ্জাম নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে তিনি দেখতে পান সেই লোকটি ব্যাগে করে কিছু একটা নিয়ে যাচ্ছে। তাকে আটকানোর চেষ্টা করলে পেছন থেকে নার্স তহমিনা আমার মুখ চেপে ধরে বলে কোনো চিৎকার করবি না। এই বলে আমার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে আমি দৌড়ে নিচে অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্স চালক টিপুকে ঘটনা সম্পর্কে অবগত করি। তিনি দৌড়ে গিয়ে চোরকে চিকিৎসা সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করে।
আটক সুমন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নগরীর হেরাজ মার্কেটে তার ওষুধের দোকান আছে। দীর্ঘদিন ধরে আবু নাসের হাসপাতালের ইউরোলজি বিভাগের নার্স ইনচার্জ তহমিনা খাতুন ও কার্ডিওলজি বিভাগের নার্স ইনচার্জ সোনিয়া খাতুন তার কাছে রোগীদের জন্য বরাদ্দকৃত চিকিৎসা সরঞ্জামাদি বিক্রি করতো। তারা ফোন দিয়ে জানালে সে নিজে এসে স্কুলের ব্যাগে করে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে যেত।
অভিযুক্ত নার্স ইনচার্জ তহমিনা খাতুন ও সোনিয়া খাতুন বলেন, আমরা এই ঘটনার সম্পর্কে কিছু জানি না। আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। একটি মহল দীর্ঘদিন যাবত আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে আসছে।
হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন বলেন, রোগীদের চিকিৎসা সরঞ্জামাদি পাচার করার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তি জানিয়েছে, যে দুইজন নার্স ইনচার্জ এ ঘটনায় জড়িত। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। এছাড়া আটক চোরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষ হলে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











































